মার্চ মাসে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ একমাত্র ছবি, যেটি বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছিল। তার পর প্রায় তিন মাস হতে চলল, সে ভাবে কোনও সিনেমাই প্রভাব ফেলতে পারেনি। একমাত্র ‘ভূত বাংলা’ ১০০ কোটির গণ্ডি পার করেছে। এর মাঝে যে ক’টি হিন্দি কিংবা আঞ্চলিক ভাষার ছবি মুক্তি পেয়েছে সবগুলিই সপ্তাহখানেক, বড়জোর সপ্তাহ দুয়েক পরেই প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিয়েছে। তবে চলতি সপ্তাহে কোনও বাংলা ছবি মুক্তি পাচ্ছে না। হিন্দি, ইংরেজি ও তেলুগু ভাষার কয়েকটি ছবি মুক্তি পাচ্ছে।
চাঁদ মেরা দিল:
প্রেম ভেঙেছে অনন্যা পাণ্ডের জীবনে। তার পর থেকে যে ক’টি ছবি করেছেন, প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়েছে। এ বার ফের একটি প্রেমের ছবিতে দেখা যাবে অনন্যাকে। তাঁর বিপরীতে দেখা যাবে ‘ব্যাডস্ অফ বলিউড’-খ্যাত অভিনেতা লক্ষ্য লালওয়ানিকে। কর্ণ জোহর প্রযোজিত এই ছবিটি মূলত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বন্ধুত্ব থেকে প্রেমে পরিণতি পাওয়ার গল্প। এমনিতেই গত কয়েক বছরে বলিউডে প্রেমের ছবির সংখ্যা কমেছে। সেই জায়গায় অনন্যা ও লক্ষ্যের নতুন জুটি দর্শকদের মন জয় করতে পারে কি না, সেটাই দেখার।
দৃশ্যম ৩:
মলয়ালম ছবি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় নম্বর ছবি। ‘দৃশ্যম ২’-এর মুক্তির পরে অনেকেই এই ছবি তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করছিলেন। প্রায় সাড়ে চার বছর পর মোহনলাল অভিনীত এই ছবির তৃতীয় খণ্ড মুক্তি পেল ২১ মে। প্রতিবারের মতো অভিনেতা-অভিনেত্রীও এক। প্রতি বারই নিত্যনতুন রহস্য-রোমাঞ্চধর্মী গল্প নিয়ে আসেন পরিচালক। এ বার সেই আকর্ষণ কতটা রাখতে পারে, সেটাই দেখার।
আগলি স্টোরি:
তেলুগু ভাষার এই ছবি মূলত সাইকোলজিক্যাল থ্রিলার। শ্রীনাডু ও অবিকা গর অভিনীত এই ছবি সম্পর্কের জটিলতাকে তুলে ধরবে। অবিকা দীর্ঘদিন হিন্দি টেলিভিশনে কাজ করেছেন। মাস কয়েক আগে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি অবিকা জানিয়েছিলেন, তিনি মুম্বই ছেড়ে ব্যাংককে গিয়ে থাকবেন। অনেকেই ভেবেছিলেন, তিনি সিনেমা থেকে মুখ ফেরাচ্ছেন। তবে তেমন কিছু করছেন না। তার প্রমাণ এই ছবিটি।
স্টার ওয়ার্স: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু:
হলিউডি ছবির অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি। অ্যাকশনে ভরপুর রোমাঞ্চধর্মী ছবি এটি। এই পর্বে এ বার দর্শকদের অন্যতম প্রিয় জুটি ডিন ডিজারিন এবং গ্রোগুকে ফিরিয়ে আনা হচ্ছে। জন ফ্যাভ্রো পরিচালিত এই ছবিটি রোমাঞ্চকর যুদ্ধ, আবেগঘন মুহূর্ত এবং চোখধাঁধানো দৃশ্যের মাধ্যমে নক্ষত্রযুদ্ধের ব্রহ্মাণ্ডকে আরও বিস্তৃত করেছে। সিনেমাটিতে অভিনয় করেছেন পেদ্রো পাস্কাল, জেরেমি অ্যালেন হোয়াইট।