বুধবার জামিন পেয়েছেন বাংলাদেশের ইউটিউবার হিরো আলম। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগের মামলায় গ্রেফতার করা হয়েছিল আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে। ২১ দিন জেলে ছিলেন তিনি। জামিন পেয়ে কী বললেন আলম?
আনন্দবাজার ডট কম-কে তিনি বললেন, “আমি ষড়যন্ত্রের শিকার। সবটাই পরিকল্পিত। যাতে নির্বাচনে দাঁড়াতে না পারি, সেই জন্যই আমার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ করা হয়েছে। যে মেয়েটিকে নিয়ে এত আলোচনা হচ্ছে, সে কখনও প্রকাশ্যেই আসেনি। মেয়েটি কোনও দিনই আমার বাড়িতে থাকেনি। অভিযোগের কোনও প্রমাণ নেই। মেয়েটির মাধ্যমে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, যাতে নির্বাচনে দাঁড়াতে না পারি। আমি ওই মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করব। আদালতে প্রমাণ করে দেব, আমি নির্দোষ।”
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছিল, সাদিয়া রহমান মিথিলা নামের এক মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে আলমের বিরুদ্ধে। জোর করে গর্ভপাত করানোর অভিযোগও জানান ওই মহিলা। ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা করেন ওই মহিলা। তদন্তে প্রাথমিক ভাবে সে দেশের গোয়েন্দা সংস্থা এই অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল হিরো আলমের বিরুদ্ধে।