Advertisement
E-Paper

‘লোকটির জামার কলার টেনে ধরি’, ভয়াবহ পরিস্থিতি কী ভাবে সামলেছিলেন রবীনা টন্ডন?

সেই সময়ে রবীনার স্বামী অনিল থাডানি অফিসে ছিলেন এবং বাড়িতে ছিলেন তাঁদের সন্তানেরা। পরিবারের নিরাপত্তার কথা ভেবে রবীনাই সামনে এসে দাঁড়ান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২১:৪০
রবীনার সঙ্গে কী ঘটেছিল?

রবীনার সঙ্গে কী ঘটেছিল? ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেত্রী রবীনা টন্ডন বরাবরই প্রতিবাদী। মতামত প্রকাশ করতে দু’বার ভাবেন না। কিন্তু সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন তিনি। ২০২৪ সালে তাঁর মুম্বইয়ের বান্দ্রার বাড়ির বাইরে প্রায় ৩০ জন উত্তেজিত জনতার একটি দল জড়ো হয়েছিল। সেই সময়ে রবীনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁর গাড়ি নাকি এক মহিলাকে ধাক্কা মেরেছে। ঘটনাটি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। অবশেষে রবীনা মুখ খুললেন।

রবীনার বিরুদ্ধে অভিযোগ উঠলেও, পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি কাউকে স্পর্শ পর্যন্ত করেনি। এক সাক্ষাৎকারে রবীনা জানান, আসলে টাকা আদায়ের একটি পরিকল্পনা ছিল। পরিকল্পনা মাফিক তাঁর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনা হয়েছিল। অভিনেত্রীর দাবি, ওই দলটি ইচ্ছাকৃত ভাবে তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল এবং পরিস্থিতি উত্তপ্ত করে অর্থ আদায় করতে চেয়েছিল।

সেই সময়ে রবীনার স্বামী অনিল থাডানি অফিসে ছিলেন এবং বাড়িতে ছিলেন তাঁদের সন্তানেরা। পরিবারের নিরাপত্তার কথা ভেবেই রবীনাই সামনে এসে দাঁড়ান। তিনি জানান, তাঁর দীর্ঘদিনের চালককে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছিল। তাই তিনি নিজেই বাইরে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন। অভিনেত্রীর কথায়, “আমি বাইরে বেরোতেই প্রায় ৩০ জন পুরুষ আমাকে ঘিরে ধরে। তারা আমার চালককে মারধর করতে শুরু করে। আমি তাকে টেনে বাড়ির ভিতরে নিয়ে যাই। এর পর এক জন ব্যক্তি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আমি তার জামার কলার ধরে টেনে বাইরে বার করে দিই।”

রবীনা আরও জানান, পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে তাঁর ফোনও কেড়ে নেওয়া হয়, যাতে তিনি পুলিশ ডাকতে না পারেন। বান্দ্রার মতো অভিজাত এলাকাতেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল বলে জানান অভিনেত্রী।

ঘটনার পর মুম্বই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানায়, রবীনার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ছিল।

Raveena Tandon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy