প্রথমবার বড়পর্দায় রাম চরণের সঙ্গে অভিনয় করেছেন জাহ্নবী কপূর। ছবির শুটিংয়ের সময় থেকে ছবির প্রচার— বার বার কোনও না কোনও কাণ্ড ঘটেই চলেছে। শুটিংয়ের সময় চোখে চোট পেয়েছিলেন রাম চরণ। তার পরে প্রচারের সময়েও এক অনুরাগীর কাণ্ডে রীতিমতো ভয় পেয়ে যান সবাই। এ বার সমালোচনার সম্মুখীন নায়িকা ও পরিচালক। দর্শকের একাংশের মতে জাহ্নবীকে বেশ কিছু দৃশ্যে দেখে নিজেরাই অস্বস্তিতে পড়েছেন তাঁরা।
সমালোচকদের দাবি, কিছু কিছু দৃশ্য আকর্ষিত করে তোলার উদ্দেশ্যে এতটাই অস্বস্তিকর হয়ে উঠেছে যা, বাকি কাহিনিটিকে নষ্ট করে দিয়েছে। অহেতুক যৌনভঙ্গিমার দৃশ্য প্রদর্শিত হয়েছে বলেও দাবি। এই অভিযোগ শুনে পরিচালকও নিজের এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়ে নেন। ছবির পরিচালক লিখেছেন, “কাউকে অস্বস্তিতে ফেলা বা কাউকে অসম্মান করার ইচ্ছা কখনও আমার ছিল না। সিনেমার উদ্দেশ্য হওয়া উচিত দর্শককে বিনোদন দেওয়া, অনুপ্রাণিত করা এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করা।”
আরও পড়ুন:
পরিচালক জানান, নারীদের অবমাননা বা বস্তু হিসাবে উপস্থাপন করার কোনও উদ্দেশ্য তাঁদের ছিল না। ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনি সবসময় নারীদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। বিতর্কের পরিপ্রেক্ষিতে ছবির কিছু দৃশ্যে পরিবর্তন আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে, এই বিতর্ক নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী জাহ্নবী।