Advertisement
E-Paper

পরমব্রতের বিরুদ্ধে এখনই নয় পদক্ষেপ, পুরনো ভোট-পরবর্তী উস্কানি বিতর্কে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাই কোর্ট

সমাজমাধ্যমে পরমব্রত চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল ২ মে। সেই দিন পরমব্রত সমাজমাধ্যমে যা লিখেছিলেন, তা নিয়ে আপত্তি ওঠে। সেই মামলায় আপাতত রক্ষাকবচ পেলেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১১:২৯
পরমব্রত চট্টোপাধ্যায়।

পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। আপাতত আগামী চার সপ্তাহের জন্য অভিনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্ত চলবে। অভিনেতাকেও সহযোগিতা করতে হবে সেই তদন্তে।

শুক্রবার হাই কোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, পরবর্তী শুনানির দিন রাজ্যকে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তার পরে।

ঘটনার সূত্রপাত পাঁচ বছর আগে। ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরে সমাজমাধ্যমে কিছু মন্তব্য করেছিলেন পরমব্রত। তা থেকেই বিতর্কের শুরু। সেই মন্তব্যের জেরে গত বৃহস্পতিবার, ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার পরমব্রতের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় আদালতে সওয়াল করেন, এত দিন পরে ওই অভিযোগ কেন? ওই অভিযোগের কোনও ভিত্তি নেই। ওই মন্তব্যের জন্য কারও ক্ষতিও হয়নি। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং ১০৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এমন এফআইআর খারিজ করা হোক।

পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনের পর সমাজমাধ্যমে পরমব্রত একটি ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সেই মন্তব্যের প্রত্যক্ষ সমর্থন করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। পাঁচ বছর পরে, রাজ্যে সরকার বদলের পর গড়িয়াহাট থানায় দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেন আইনজীবী জয়দীপ সেন। অভিযোগকারী আইনজীবীর বক্তব্য, ওই মন্তব্যের মাধ্যমে ভোট-পরবর্তী হিংসায় উস্কানি দিয়েছিলেন পরমব্রত ও স্বস্তিকা। তাঁর আরও অভিযোগ, ওই মন্তব্যের জেরেই তৎকালীন সময়ে রাজ্যের পরিবেশ উত্তপ্ত হয়। সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় পরমব্রত ও স্বস্তিকার মন্তব্যে অনেকেই প্রভাবিত হয়ে সেই সময়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছিল বলেও অভিযোগ করেন জয়দীপ।

এই মামলার প্রেক্ষিতে পুলিশ দুই অভিনেতাকে নোটিস পাঠিয়ে তলব করেছিল। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় গড়িয়াহাট থানায় হাজিরা দেন এবং সেখানে তাঁকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই মামলাতেই এ বার শর্তসাপেক্ষে পরমব্রতকে রক্ষাকবচ দিল হাই কোর্ট।

Parambrata Chatterjee Calcutta High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy