২০২১ সালে ভোট-পরবর্তী হিংসায় উসকানির অভিযোগে এফআইআর দায়ের হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার, ২১ মে গড়িয়াহাট থানায় দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেন আইনজীবী জয়দীপ সেন। শনিবার, ২৩ মে সেই মামলায় গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন স্বস্তিকা। খবর, প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
পাঁচ বছর আগে, বিধানসভা নির্বাচনের পরে সমাজমাধ্যমে পরমব্রত ও স্বস্তিকার দু’টি মন্তব্য ঘিরে এই বিতর্কের সূত্রপাত। ২০২১ সালের নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল ২ মে। সেই দিন পরমব্রত সমাজমাধ্যমে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। পাল্টা এক মন্তব্য করে তাতে সম্মতি জানিয়েছিলেন স্বস্তিকা। অভিযোগকারী আইনজীবীর বক্তব্য, ওই মন্তব্যের মাধ্যমে ভোট-পরবর্তী হিংসায় উসকানি দিয়েছিলেন পরমব্রত ও স্বস্তিকা। এই মন্তব্য রাজ্যের পরিবেশকে উত্তপ্ত করেছিল বলেও অভিযোগ করেছেন জয়দীপ। তাঁর বক্তব্য, “পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। তাঁদের মন্তব্য বিজেপি কর্মীদের খুন, বিজেপি মহিলা কর্মীদের ধর্ষণ ও শ্লীলতাহানি এবং ২০২১-এ তৃণমূল কংগ্রেস দ্বারা সংঘটিত হিংসায় প্ররোচনা জুগিয়েছিল।”
আরও পড়ুন:
সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় পরমব্রত ও স্বস্তিকার মন্তব্যে অনেকেই প্রভাবিত হয়ে সেই সময়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছিলেন বলে অভিযোগ আইনজীবীর। খুন, ধর্ষণের পাশাপাশি অগ্নিসংযোগেও তাঁরা উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ তাঁর। উল্লেখ্য, এই মামলায় অপর অভিযুক্ত পরমব্রতকেও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে।