রাস্তা দিয়ে সজোরে ছুটে আসছিল বাইক। হঠাৎ করেই লরির নীচ থেকে বেরিয়ে এল এক সারমেয়। এক ছুটে রাস্তা পেরোনোর চেষ্টা করতেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্রবল গতিতে ছুটে আসা বাইকের চাকার নীচে পড়ে গেল কুকুরটি। ধাক্কা লাগতেই বাইক থেকে ছিটকে পড়ে কয়েক মিটার এগিয়ে গেলেন বাইকচালক। শোচনীয় অবস্থা কুকুরটিরও। ভয়ঙ্কর সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শিউরে উঠেছেন দর্শক। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বাইকচালক দ্রুত গতিতে রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ একটি কুকুর রাস্তা পার হতে আসে। এর পর যা ঘটল তা দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা চমকে উঠেছেন। বাইকের গতি এতটাই বেশি ছিল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সরাসরি কুকুরটির সঙ্গে ধাক্কা খান। সংঘর্ষটি এতটাই মারাত্মক ছিল যে চালক এবং কুকুর উভয়কেই রাস্তার উপর ছিটকে পড়ে যায়। বাইকচালকের মাথায় হেলমেট ছিল না। রাস্তায় পড়ে তিনি ঘষটাতে ঘষটাতে বেশ কিছু দূরে এগিয়ে যান চালক।
ভিডিয়োটি ‘হরি_ওম_ হরি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই বহু মানুষ সেটি দেখেছেন। ভয়ঙ্কর এই পথ দুর্ঘটনাটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। নেটাগরিকদের অনেকেই এই দুর্ঘটনার জন্য বাইকের গতিকেই দায়ী করেছেন। চালকের হেলমেট না পরার বিষয়টি নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন। নেটাগরিকদের একাংশ আবার পথকুকুরদের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টিতেও প্রশাসনিক উদাসীনতা নিয়ে মুখ খুলেছেন।