Advertisement
E-Paper

অ্যাম্বুল্যান্সে চুরির ছাগল বহন! হুগলির দাদপুরে পুলিশের হাতে ধরা পড়লেন চালক-সহ তিন জন

শনিবার ভোরে দাদপুর থানার দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সারখোলা গ্রামে এক গৃহস্থের গোয়ালঘর থেকে ছাগল চুরি হয়। অন্ধকারে অ্যাম্বুল্যান্সের মধ্যে চুরি করা ছাগল নিয়ে পালাচ্ছিলেন তিন জন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৭:২২
Ambulance Driver Arrest

সেই অ্যাম্বুল্যান্স। —নিজস্ব চিত্র।

রোগী নিয়ে যাওয়ার জন্য ধনেখালির বিধায়ক অসীমা পাত্র তাঁর বিধানসভা এলাকার উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স দিয়েছিলেন দাদপুর গ্রাম পঞ্চায়েতে। শনিবার সেই অ্যাম্বুলেন্সে চুরি করা ছাগল বইতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন তিন জন। ওই নিয়ে শোরগোল এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে দাদপুর থানার স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকার সারখোলা গ্রামে এক গৃহস্থের গোয়ালঘর থেকে ছাগল চুরি হয়। অন্ধকারে অ্যাম্বুল্যান্সের মধ্যে চুরি করা ছাগল নিয়ে পালাচ্ছিলেন তিন জন। ঠিক ওই সময় দাদপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে বিশেষ দল অভিযান চালাচ্ছিল। তারা অ্যাম্বুল্যান্স আটকায়। দেখা যায়, অ্যাম্বুল্যান্সের মধ্যে রোগী নেই, রয়েছে তিনটি ছাগল!

বিস্মিত পুলিশকর্মীরা অ্যাম্বুল্যান্সের চালক-সহ তিন জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু ছাগলের বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি তাঁরা। আটক করে থানায় নিয়ে যাওয়া হয় অ্যাম্বুল্যান্স চালক আহমেদ আলি সরকার, দীপঙ্কর রায় এবং রজত ক্ষেত্রফলকে। পরে তাঁদের তিন জনকেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশি তদন্তে উঠে এসেছে, শুক্রবার রাতে অ্যাম্বুল্যান্স নিয়ে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিন জন। গবাদি পশু চুরির উদ্দেশ্য নিয়ে তিনমূর্তি ঘুরছিলেন। অন্য দিকে, গ্রামবাসীরা অভিযোগ করেছেন, আগেও অনেকের গোয়ালঘর থেকে ছাগল চুরি হয়েছে। তাঁদের দাবি, সামনেই ইদ। ছাগলের দাম চড়ছে। ছাগল চুরি করে হাটে বিক্রির ছক ছিল অভিযুক্তদের। যদিও এ নিয়ে পুলিশের প্রতিক্রিয়া মেলেনি।

Ambulance Hooghly Goats Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy