Advertisement
E-Paper

ভালবাসার মানুষের সঙ্গে নিক্কো পার্কে মজা? নিউ মার্কেটে প্রতিবেশীকে ছুরি মেরে খুন করে ‘প্রতিশোধ’ যুবকের!

বুধবার সকাল ৯টা নাগাদ নিউ মার্কেট থানায় খবর যায়, অমিয় হাজরা লেনে একটি দোকানে এক জনকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত তরুণকে উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু অভিযুক্তকে ধরা যায়নি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ২১:৩১

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সকাল সকাল রক্তারক্তি নিউ মার্কেটের এক সব্জি দোকানে। রক্তাক্ত তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। খুনের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিশ।

বুধবার সকাল ৯টা নাগাদ নিউ মার্কেট থানায় খবর যায় অমিয় হাজরা লেনে একটি দোকানে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত তরুণকে উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু অভিযুক্তকে ধরা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছোটে পুলিশ। অন্য দিকে, জখম তরুণকে স্থানীয় হাসপাতাল এনআরএসে স্থানান্তরিত করে দেয়। দুপুর ১২টা নাগাদ মারা যায় সে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীপক গুপ্ত। বয়স ১৭ বছর। নিউ মার্কেট থানা এলাকারই বাসিন্দা ওই তরুণ নিজেদের দোকানে বসেছিল সকালে। সেখান উপস্থিত হন ২৫ বছরের শশী তেভর। দীপকেরই প্রতিবেশী তিনি। দীপকের বাড়ির লোকজনের অভিযোগ, দোকানে ঢুকে ওই তরুণকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেন শশী। গলাতেও ছুরি বসান। দীপকের দাদা এবং কয়েক জন বন্ধু ছুটে যান। কিন্তু অভিযুক্ত পালিয়ে যান।

রক্তাক্ত তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু দুপুরে মৃত্যু হয় তার। খুনের কারণ অনুসন্ধান করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত শশী এক তরুণীকে ভালবাসেন। ওই তরুণীও একই এলাকার বাসিন্দা এবং দীপকের বন্ধু।

পুলিশ সূত্রে খবর, দীপকের সঙ্গে ওই তরুণীর মেলামেশায় আপত্তি ছিল শশীর। তিনি বেশ কয়েক বার এ নিয়ে দীপককে ‘সাবধান’ করেন। বলেছিলেন, তাঁর পছন্দের মেয়ের থেকে যেন দূরে থাকে সে।

মঙ্গলবার কয়েক জন বন্ধুর সঙ্গে সল্টলেকে নিক্কো পার্কে বেড়াতে গিয়েছিল দীপক। সেখানে দীপকের বান্ধবী অর্থাৎ শশী যাকে পছন্দ করেন, সেই তরুণীও ছিল। ওই কথা জানতে পেরে খেপে যান শশী। তার পরেই বুধবার সকাল ৮টা নাগাদ দীপকদের দোকানে উপস্থিত হন তিনি। এবং তার পর এই হামলা।

অভিযুক্তের খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃত দীপকের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

New Market Murder Case Crime Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy