Advertisement
E-Paper

‘বাবার রাগেও ছিল ভালবাসা’, কান্নায় ভেঙে পড়লেন ববি, আর কী বললেন ধর্মেন্দ্র-পুত্র

৯০ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হন ধর্মেন্দ্র। দীর্ঘদিন ধরে বয়সের ভারে বিভিন্ন অসুখে ভুগছিলেন তিনি। প্রায় ৬ মাস পরে বাবাকে নিয়ে মুখ খুললেন ববি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৬:৩১
বাবাকে নিয়ে কী বললেন ছেলে?

বাবাকে নিয়ে কী বললেন ছেলে? ছবি: সংগৃহীত।

২০২৫ সালের নভেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের তারকা অভিনেতা ধর্মেন্দ্র। ৯০ বছর বয়সে মুম্বইয়েই প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ধরে বয়সের কারণে বিভিন্ন অসুখে ভুগছিলেন তিনি। সম্প্রতি, বাবার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ধর্মেন্দ্রের ছেলে, অভিনেতা ববি দেওল।

বাবার মৃত্যুর প্রায় ছ’মাস পরে ওই সময়টা নিয়ে কথা বললেন ববি। তাঁর বাবা যে বিশ্ব জুড়ে ভীষণ জনপ্রিয় ছিলেন, অবশ্যই সেই কথা জানতেন তিনি। কিন্তু, ধর্মেন্দ্রের প্রয়াণের পরে যে ভাবে শোকবার্তা ও ভালবাসা এসেছে, তাতে ববির বিশ্বাস যে, গোটা বিশ্বই তাঁদের পরিবারের মতোই শোকাহত হয়েছিল।

শেখর সুমনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ববি। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, বাবার কোন একটি বিষয় তিনি সবসময় মনে রাখবেন। আবেগে ভেঙে পড়েন ববি। নিজেকে খানিক সামলে বলেন, “কোনও একটা স্মৃতি আলাদা করে বলা অসম্ভব। তাঁর সবকিছুই মনে রাখার মতো। ওঁর প্রতিটা জিনিসই ছিল ভালবাসায় মোড়া। এমনকি বাবার রাগেও ভালবাসাই ছিল।”

ববিকে আবেগ ধরে রাখতে বেগ পেতে হচ্ছে দেখে কথা বলেন শেখর নিজেই। তাঁর কথায়, ধর্মেন্দ্রের বিশেষত্ব হল যে, তিনি সানি দেওল বা ববিকে যেমন ভালবাসা দিতেন, বাকিদেরও সে ভাবেই ভালবাসতেন। তিনি আরও বলেন, “ধর্মেন্দ্র নিজে সমাজমাধ্যমে ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে কথা বলতেন। নিজের ফার্মহাউস ঘুরিয়ে দেখাতেন। অত্যন্ত সাধারণ মানুষ ছিলেন তিনি।”

ধর্মেন্দ্রের শেষকৃত্য মুম্বইয়ের পবন হংস শ্মশানে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সম্পন্ন হয়। তাঁর শেষযাত্রায় উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অনিল কপূর, আমির খান, সলমন খান, শাহরুখ খান থেকে রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, অগস্ত্য নন্দের মতো বলিউডের একাধিক নামী ও পরিচিত ব্যক্তিত্ব।

তাঁর স্মরণে দু'টি প্রার্থনাসভার আয়োজন করা হয়। একটি তাঁর দ্বিতীয় স্ত্রী, অভিনেত্রী হেমা মালিনীর মুম্বইয়ের বাড়িতে আয়োজিত হয়, যেখানে ভজন ও গীতা পাঠ করা হয়। অন্যটি আয়োজন করেন তাঁর প্রথম পক্ষের দুই ছেলে, সানি ও ববি। সেটি আয়োজিত হয় মুম্বইয়ের অভিজাত এক হোটেলে।

Dharmendra Bobby Deol Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy