সময়টা খুব একটা ভাল যাচ্ছে না অভিনেতা সেলিনা জেটলির। একদিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদ, অন্য দিকে আবার সন্তানকে হারানো। খুবই টালমাটাল পরিস্থিতি। তাঁর এই কঠিন সময়ে পাশে পেয়েছেন অভিনেত্রী প্রীতি জ়িন্টাকে। সম্প্রতি এ কথাই জানালেন সেলিনা।
কিছু দিন আগে আইপিএলের খেলা দেখতে গিয়েছিলেন সেলিনা। সেখানেই প্রীতির সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। বেশ কিছু ছবিও তুলেছেন। সে সব মুহূর্তই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সঙ্গে খুবই আবেগঘন হয়ে পড়েছিলেন সেলিনা। সেই অনুভূতিই সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সেলিনা লেখেন, “আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে যিনি আলো হয়ে পাশে থেকেছেন, তিনি প্রীতি জ়িন্টা। সবাই জানেন, তিনি কতটা সুন্দর ও প্রতিভাবান অভিনেত্রী, কিন্তু তাঁর মনও ততটাই সুন্দর। প্রীতি সেই রানি, যিনি ‘কিংস’-এর মালিক। শুধু সিনেমা নয়, খেলাধুলার জগতেও তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। গত রাতে তাঁর পাশে দাঁড়িয়ে আমি ভীষণ গর্ব অনুভব করেছি।”
উল্লেখ্য, ২০১০ সালে পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। ২০১২ সালে তাঁদের যমজ পুত্রসন্তানের জন্ম হয়। পরে ২০১৭ সালে দ্বিতীয় বার যমজ সন্তানের জন্ম দিলেও, হৃদরোগে আক্রান্ত হয়ে এক সন্তানের মৃত্যু হয়। গত বছরের নভেম্বর মাসে সেলিনা তাঁর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে মামলা দায়ের করেন। অভিনেত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। সম্প্রতি মুম্বই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩–এর একাধিক ধারায় পিটারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি।