Advertisement
E-Paper

সাবেক সাজেই হোক জামাইষষ্ঠী উদ্‌যাপন! নজরে থাক সইফ, পরমব্রত-সহ ৫ অভিনেতার পাঞ্জাবি ‘লুক’

সময়ের সঙ্গে বদল ঘটেছে জামাইষষ্ঠীর রীতিতেও। এখন শাশুড়িরা বাড়িতে জামাইষষ্ঠী পালন না করে রেস্তরাঁমুখী হচ্ছেন। তবে একটা চিন্তা আগেও ছিল, আছে এখনও। তা হল এই দিনটিতে জামাইয়ের সাজটা ঠিক কেমন হবে। তারকারা কেমন সাজছেন? গরমে কী ধরনের পাঞ্জাবি পরছেন তাঁরা? পোশাক নির্বাচনের আগে দেখে নিন কিছু তারকার সাবেকি বেশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৮:৪৯
Saif Ali Khan to Parambrata Chatterjee, 5 Celebrity Punjabi Looks to Recreate This Festive Season

পাঞ্জাবিতেই হোক জামাইষষ্ঠীর নিমন্ত্রণরক্ষা। ছবি: সংগৃহীত।

পরনে ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতি, হাতে মিষ্টির হাঁড়ি — একটা সময় ছিল যখন জামাইষষ্ঠীতে এমন বেশেই শ্বশুরবাড়িতে হাজির হতেন জামাইরা। তবে যুগের সঙ্গে সাজপোশাকও বদলেছে জামাইদের। কেউ সাধারণ শার্ট আর ট্রাউজ়ার, কেউ আবার জিন্‌সের সঙ্গে একটা পাঞ্জাবি পরেই চলে যাচ্ছেন শ্বশুরবাড়ি। তবে, পোশাক নিয়ে যাঁরা খুঁতখুঁতে, সেই জামাইরা কিন্তু জামাইষষ্ঠীর সাজ নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছেন।

জামাইষষ্ঠীর সাজপোশাকে একটু আভিজাত্যের ছোঁয়া না থাকলেই নয়! কিন্তু যা গরম, আরামের দিকটাও তো খেয়াল রাখতে হবে। চড়া রোদে রাস্তায় হেঁটে ঘেমেনেয়ে শ্বশুরবাড়ি পৌঁছোলে হাসির পাত্র হতে হবে, সেটাও তো মাথায় রাখতে হবে! সময়ের সঙ্গে বদল ঘটেছে জামাইষষ্ঠীর রীতিতেও। এখন শাশুড়িরা বাড়িতে জামাইষষ্ঠী পালন না করে রেস্তরাঁমুখী হচ্ছেন। তবে একটা চিন্তা আগেও ছিল, আছে এখনও। তা হল এই দিনটিতে জামাইয়ের সাজটা ঠিক কেমন হবে। তারকারা কেমন সাজছেন? গরমে কী ধরনের পাঞ্জাবি পরছেন তাঁরা? পোশাক নির্বাচনের আগে দেখে নিন কিছু তারকার সাবেকি বেশ।

সইফ আলি খান।

সইফ আলি খান।

উৎসবের দিন হোক বা বিশেষ কোনও অনুষ্ঠান, অভিনেতা সইফ আলি খান-এর এখন প্রথম পছন্দ ধুতি-পাঞ্জাবি। বাঙালি পোশাকশিল্পী অভিষেক রায়ের নকশা করা পাঞ্জাবিতেই নজর কাড়েন সইফ। এ বারের জামাইষষ্ঠীতে সইফের মতো তসররঙা কটন-সিল্কের পাঞ্জাবিও বেছে নিতে পারেন। বন্ধগলার পাঞ্জাবি জুড়ে লাল সুতোর কাজ। দেখতে খুব বেশি জমকালো না হলেও তসর আর লাল রঙের যুগলবন্দি সব সময়েই ‘হিট’। তসররঙা ধুতির সঙ্গেই পাঞ্জাবিটি স্টাইল করেছেন সইফ।

বিক্রম চট্টোপাধ্যায়।

বিক্রম চট্টোপাধ্যায়।

পাঞ্জাবি পরে বারে বারে নজর কাড়েন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও। জামাইষষ্ঠীতে বিক্রমের থেকেও নিতে পারেন স্টাইল-টিপ্‌স। যাঁরা খুব বেশি কারুকাজের পাঞ্জাবি পছন্দ করেন না, তাঁরা জামাইষষ্ঠীর জন্য বেছে নিতে পারেন একরঙা পাঞ্জাবি। বিক্রম পরেছেন মেরুন রঙের সুতির পাঞ্জাবি, যার গলার দিকে রয়েছে একই রঙের সুতোর হালকা নকশা। কেবল পাঞ্জাবি পরলেই হল না, কী রঙের ধুতি পরবেন, সেটাও ভাবতে হবে। মেরুন পাঞ্জাবির সঙ্গে বিক্রম কালো পাড়ের সাদা সুতির ধুতি স্টাইল করেছেন। সুতি বেছে নেওয়ার জন্য বিক্রমের সাজটা আরও অনেক বেশি আকর্ষণীয় হয়েছে।

পরমব্রত চট্টোপাধ্যায়।

পরমব্রত চট্টোপাধ্যায়।

খুব বেশি জমকালো সাজ পছন্দ করেন না অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও। তাঁর পরনে সাদা সুতির পাঞ্জাবি আর সাদা ধুতি। তবে পাঞ্জাবিটি অনেক বেশি নজরে আসছে তার ভিতরের রঙিন সুতো দিয়ে করা ফুলেল এমব্রয়ডারির জন্য। পোশাকশিল্পী তনয় পালের নকশা করা সাদা পাঞ্জাবিতেই একেবারে ‘বাবু’ বেশে ক্যামেরাবন্দি হয়েছেন পরম। গরমের ফ্যাশনে সাদা রং সব সময়েই ‘ইন’। তাই জামাইষষ্ঠীর সাজে সাদাকেই বেছে নিতে পারেন উৎসবের রং হিসাবে।

জিতু কমল।

জিতু কমল।

অনেকেই আছেন যাঁরা উজ্জ্বল রং পছন্দ করেন। সে ক্ষেত্রে অভিনেতা জিতু কমলের মতো সবুজরঙা কটন-সিল্কের পাঞ্জাবি বেছে নিতেই পারেন। একরঙা পাঞ্জাবির গা জুড়ে ছোট ছোট ফুলের নকশা। সঙ্গে ঘিয়ে রঙের ধুতি। সাজে একটু চমক আনতে এই ধরনের পাঞ্জাবি পরেই চলে যেতে পারেন শাশুড়ির নিমন্ত্রণ রক্ষায়।

গৌরব চট্টোপাধ্যায়।

গৌরব চট্টোপাধ্যায়।

জামাইষষ্ঠী বলে কথা, একটু কেত না হলে চলে। ছিমছাম সাজে কেতও হবে যদি পরনে থাকে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের মতো অঙ্গরক্ষা স্টাইলের পাঞ্জাবি। সাদা পাঞ্জাবিতে একেবারে অল্প করে কালো সুতোর নকশা। সঙ্গে সাদা ধুতি। ধুতির পাড়েও কালো সুতো দিয়ে হালকা নকশা করা। যাঁরা পোশাক নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পছন্দ করেন, তাঁরা একটু ছক ভেঙে গৌরবের মতো পাঞ্জাবি বেছে নিতেই পারেন জামাইষষ্ঠীর জন্য।

Jamai Sasthi Celebrity Fashion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy