Advertisement
E-Paper

ম্যাচ গড়াপেটার অভিযোগ! বিশ্বকাপ খেলতে কানাডায় ঢুকতে দেওয়া হল না ফুটবলারকে, বিপদে আফ্রিকার এক দেশ

ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার হয়ে ছাড়া পেয়েছিলেন। চলে গিয়েছিলেন বিশ্বকাপ খেলতে। প্রথম ম্যাচেও খেলেছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলতে কানাডায় যাওয়ার অনুমতি পেলেন না এলিয়ে ওয়াহি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৯:১৪
football

এলিয়ে ওয়াহি। ছবি: রয়টার্স।

ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার হয়ে ছাড়া পেয়েছিলেন। চলে গিয়েছিলেন বিশ্বকাপ খেলতে। প্রথম ম্যাচেও খেলেছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলতে কানাডায় যাওয়ার অনুমতি পেলেন না এলিয়ে ওয়াহি। তাঁকে ভিসা দেওয়া হয়নি। ফলে সমস্যায় পড়েছে আইভরি কোস্ট। জার্মানির বিরুদ্ধে ম্যাচে গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবে না তারা।

বৃহস্পতিবার আইভরি কোস্ট একটি বিবৃতিতে জানিয়েছে, ওয়াহিকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। তিনি আমেরিকাতেই থাকছেন। ফলে জার্মানি ম্যাচে খেলতে পারবেন না। গোটা পরিস্থিতি আপাতত নজরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এ-ও জানিয়েছে, ওয়াহির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার তদন্ত শুরু হয়েছে এ রকম কোনও তথ্য এখনও পর্যন্ত তাদের কাছে নেই। আপাতত ফুটবলারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

বুধবার ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছিল, ২৩ বছরের ওয়াহির বিরুদ্ধে ফ্রান্স পুলিশের তদন্ত চলছে। ১৭ জুন মেটজের বিরুদ্ধে তাঁর ক্লাব নিসের হয়ে ইচ্ছা করে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ২৯ মে তাঁকে গ্রেফতার করা হয়। সাঁ এতিয়েনের বিরুদ্ধে দু’গোল করার পরেই পুলিশের খপ্পরে পড়েন ওয়াহি। জিজ্ঞাসাবাদের পর ছাড়া পান। তাঁর বিরুদ্ধে প্রতারণা, সংগঠিত ম্যাচ গড়াপেটা, আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে।

এর পর ছাড়া পেয়ে তিনি আমেরিকায় গিয়েছেন এবং ইকুয়েডরের বিরুদ্ধে আইভরি কোস্টের হয়ে খেলেওছেন। দ্বিতীয়ার্ধে তাঁর একটি শট বারে লাগে। পরের ম্যাচ শনিবার, জার্মানির বিরুদ্ধে টরন্টোয়।

ফরাসি লিগ যে সংস্থা আয়োজন করে তারাই জানিয়েছিল, নিস বনাম মেটজের খেলায় কিছু সন্দেহজনক ব্যাপার ঘটেছে। সেই ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওয়াহিকে। অভিযোগ ছিল, ৩৫ মিনিটে মেটজের ডিফেন্ডার সাদিবু সানেকে ইচ্ছা করে ট্যাকল করে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। তার চার মিনিট আগে প্রথম ফাউলের কারণে আগেই সতর্ক করা হয়েছিল। তবে কার্ড দেখানো হয়নি।

কার্ড দেখার ফলে অবনমন প্লে-অফে ওয়াহি খেলতে পারেননি সাঁ এতিয়েনের বিরুদ্ধে। ম্যাচটি ড্র করে নিস। পরের পর্বে ৪-১ জেতে নিস। ওয়াহি দু’টি গোল করেন। পরে দুর্নীতি-বিরোধী সংস্থার হাতে গ্রেফতার হন। তবে তদন্ত চলাকালীন তাঁর বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ তোলা হয়নি। ওয়াহিকে কেন খেলার অনুমতি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন করা হলেও ফিফা উত্তর দেয়নি।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
২ ঘণ্টা আগে
ivory coast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy