অভিনেত্রী ডেজ়ী শাহকে অনেক দিন সে ভাবে পর্দায় দেখেনি দর্শক। সলমন খানের নায়িকা হিসাবেই তাঁকে প্রথম বড়পর্দায় দেখেন অনুরাগীরা। তার পর থেকে অনেকেই মনে করেন, ভাইজানের অবদানেই বলিউডে অভিনয়ের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন ডেজ়ী।
ডেজ়ী জানান, এই ধরনের ধারণা আসলে সমাজের দীর্ঘদিনের সমস্যা। অনেকেই মনে করেন, কোনও নারী যদি বড় কিছু অর্জন করেন, তবে তার পিছনে নিশ্চয়ই কোনও প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। যদিও তিনি স্বীকার করেন, ইন্ডাস্ট্রিতে একে অপরকে সাহায্য করা স্বাভাবিক বিষয়। কিন্তু শুধুমাত্র সেই কারণেই কারও সাফল্যকে বিচার করা ঠিক নয়। এই প্রসঙ্গে তিনি বলেন, এখন আর এ সব মন্তব্যে তিনি আঘাত পান না, বরং এগুলোকে তিনি স্বাভাবিক ভাবে নিতে শিখেছেন। ডেজ়ী যোগ করেন, “যদি সলমন আমাকে সাহায্য করেও থাকেন তা হলেও কারও কিছু বলার নেই।”
আরও পড়ুন:
নিজের প্রথম ছবি ‘জয় হো’র অভিজ্ঞতার কথাও ভাগ করে দেন ডেজ়ী। তিনি জানান, ছবিটি মুক্তির সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি, ছবির প্রচারে প্রভাব ফেলেছিল। অনেকেই ভুলবশত মনে করেছিলেন যে, ছবির সঙ্গে কোনও রাজনৈতিক পক্ষপাত জড়িয়ে আছে, যা বাস্তবে সত্য ছিল না। তাঁর দাবি, কিছু ক্ষেত্রে ‘পেইড পিআর’-এর মাধ্যমেও ছবিটিকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয়েছিল।
আরও পড়ুন:
এ ছাড়াও অভিনয়জীবনের প্রথম দিকে চেহারা নিয়েও নেতিবাচক মন্তব্য শুনতে হয়। এখন তিনি সমালোচনাকে উপেক্ষা করে নিজের কাজের ওপর মনোযোগ দিচ্ছেন এবং আরও শক্ত ভাবে এগিয়ে চলেছেন।