বছরখানেক ধরে দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের শর্ত নিয়ে বলিউড দ্বিধাবিভক্ত। এই প্রসঙ্গে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ দীপিকার সমালোচনা করেছে। আবার অভিনেত্রীদের একাংশ তাঁর পক্ষও নিয়েছে। মা হওয়ার পর থেকে দীপিকা শর্ত রেখেছেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না তিনি। এর ফলে অনেকেই দীপিকার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিতর্কের আবহে দীপিকার পেশাদারিত্বে অন্য একটা দিক তুলে ধরলেন তাঁর সহ-অভিনেত্রী লারা দত্ত।
আরও পড়ুন:
প্রায় ১৬ বছর আগের কথা। তখন ‘হাউসফুল’ ছবির শুটিং করছেন দীপিকা ও লারা। সঙ্গে ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ-সহ একাধিক তারকা। এমন অবস্থায় একদিন ধুম জ্বর আসে দীপিকার। পরীক্ষা করে জানা যায়, ম্যালেরিয়া হয়েছে অভিনেত্রীর। কিন্তু, ওই তীব্র জ্বর নিয়েও শুটিং করে গিয়েছেন দীপিকা। এক বারের জন্যও কাজে ফাঁকি দেননি। লারার কথায়, ‘‘ভাবুন, মাঝেমধ্যেই জ্বর আসছে তাঁর। আবার জ্বর ছাড়লেই ঘামে সারা শরীর ভিজে জল হয়ে যাচ্ছে। তাও শুটিং করে যাচ্ছেন তিনি। কারণ, ছবিটিতে প্রচুর তারকা ছিলেন। তাঁদের একসঙ্গে সময় পাওয়া নিয়ে নানা সমস্যা ছিল। তা ছাড়া সেই সময় আবেগপ্রবণ কিছু দৃশ্যের শুটিং চলছিল। যার ফলে শুটিং ফ্লোরে সকলকে উপস্থিত থাকতে হচ্ছিল। দীপিকা এতটাই পেশাদার যে, ওই শরীর খারাপ নিয়েও শুটিং করেছেন। অথচ তাঁর অভিনয়ে ক্লান্তি বা অসুস্থতার বিন্দুমাত্র ছাপ পড়েনি।’’
‘হাউসফুল’ ছবিতে দীপিকা।
গত কয়েক মাস ধরে দীপিকাকে নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিলেন, লারা যেন ঘুরিয়ে তাঁদেরই উত্তর দিলেন। শুধু তা-ই নয়, অনেকে বলেন দীপিকা লাজুক। সেই ধারণাও ভাঙেন লারা। অভিনেত্রী জানান, দীপিকা আসলে কম কথা বলেন। কিন্তু, লাজুক নন।