দেবের আরও এক নায়িকা বাংলাদেশে! ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডুর পরে, বাংলাদেশে কাজ করে এলেন সৃজা দত্ত। এ বছর তাঁর ইঞ্জিনিয়ারিংয়ের শেষ পরীক্ষা। তারই মাঝে উড়ে গিয়ে ‘তাজমহল’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করে এলেন। আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন সৃজা।
অভিনয়দুনিয়ায় তাঁকে এনেছেন দেব। সৃজা তখনই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। নায়কের 'বাঘা যতীন' ছবিতে সৃজা নায়িকা। যেমন বড়পর্দায় ইধিকা বা জ্যোতির্ময়ীকেও এনেছেন দেব। সৃজাকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছে নায়কের 'রঘু ডাকাত' ছবিতে। অতিথি চরিত্রে অভিনয়ের পরেই তিনি পর্দা থেকে দূরে। পড়াশোনায় ডুব। মাঝে ছড়িয়েছিল, নায়িকা নাকি ছোটপর্দায় দেখা দেবেন। বদলে তিনি ধরা দিয়েছেন হইচই-এর 'নিশির ডাক' সিরিজে।
ফইজুল ইয়ামিনের বিপরীতে সৃজা দত্ত। ছবি: সংগৃহীত।
এত কিছুর ফাঁকে কী করে ও পার বাংলা থেকে ডাক পেলেন? সৃজার কথায়, "যোগাযোগ হচ্ছিল। ডাকও পাচ্ছিলাম। শেষে 'প্রেসার কুকার'-এর নায়ক ফইজুল ইয়ামিনের বিপরীতে সুযোগ এল।" এবার আর সেই সুযোগ হাতছাড়া করেননি অভিনেত্রী। কাঁটাতার, দেশভাগ ভালবাসাকে আটকাতে পারে না, 'তাজমহল' সেই গল্প বলবে। পরিচালনায় ওয়াহিদ অনম। ইদে ও পার বাংলার প্রতিষ্ঠিত চ্যানেলে মুক্তি পাবে ছবিটি।
মাঝের অন্ধকার সময় পেরিয়ে বাংলাদেশ আবার আলোর পথে। কেমন দেখলেন পড়শি দেশকে? কেমন আতিথেয়তা পেলেন সৃজা? প্রশ্ন করতেই উচ্ছ্বাস তাঁর কণ্ঠে। বললেন, "বাংলাদেশ শান্ত। ওঁরা ভারতীয়দের খুব ভালবাসেন। কোথায় বসাবেন, কী খাওয়াবেন, বুঝে উঠতে পারেন না! কী যে আন্তরিক সবাই।" নিজের কথার সপক্ষে যুক্তিও দিলেন। জানালেন, ফেরার সময় ভুল পথে গিয়ে ঢাকা বিমানবন্দরে পৌঁছোতে দেরি করে ফেলেছিলেন। এ দিকে তাঁকে কলকাতায় ফিরতেই হবে। পরের দিন তাঁর পরীক্ষা! "সে দিন বিমানবন্দরের সবাই আমায় সহযোগিতা করেছেন। আমার জন্য বিমান দেরিতে উড়েছে। এই আন্তরিকতা ভুলব কী করে?", বললেন সৃজা।
আরও পড়ুন:
একই সঙ্গে সৃজার আক্ষেপ, "জানেন, তাড়াহুড়োয় ইলিশ খাওয়া হল না।" বদলে চেটেপুটে কাচ্চি বিরিয়ানি খেয়েছেন। নায়িকার সঙ্গে তাঁর মা-ও ছিলেন। তিনি নিজের আর মেয়ের জন্য ঢাকাই জামদানি কিনেছেন।
ছবির শুট হয়েছে সিলেট অঞ্চলে। সেখানকার ভাষা শিখতে হয়েছে সৃজাকে। নায়কের সঙ্গে প্রেম হল? প্রশ্ন শুনে হো হো হাসি তাঁর। "মায়ের সামনে নায়কের সঙ্গে প্রেম!" জানালেন, বন্ধুত্ব হয়েছে। বরং প্রেমে পড়েছেন সিলেটের। এক অঞ্চলে পাহাড়, নদী, সমুদ্র একসঙ্গে! "কী যে অপূর্ব জায়গা। না দেখলে বুঝবেন না", দাবি নায়িকার। যোগ করলেন, বিনোদনদুনিয়ায় বাংলাদেশ দ্রুত এগিয়ে আসছে। এক মাসেরও কম সময়ে শুট শেষ হয়ে মুক্তি পাচ্ছে 'তাজমহল'।