সাজগোজের জিনিসপত্র দোকান থেকে কেনার সময়ে দাম ও ব্র্যান্ডের নাম তো দেখে নেন, উপকরণের তালিকায় চোখ রাখেন কি? প্রসাধনীতে এমন অনেক রাসায়নিক থাকে যা থেকে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। ফাউন্ডেশন থেকে আইশ্যাডো, লিপস্টিক, সানস্ক্রিন থেকে ময়েশ্চারাইজ়ার, সুগন্ধি, সবেতেই আছে নানা রকম রাসায়নিক। কোনওটি আকর্ষণীয় করতে তাতে মেশানো হয় কৃত্রিম রং, কোনওটির স্থায়িত্ব বৃদ্ধি করতে মেশানো হয় নানা প্রকারের প্রিজ়ারভেটিভ। সেগুলি কোনওটিই শরীরের জন্য ভাল নয়। তাই প্রসাধন কেনার সময়ে লেবেলের দিকে নজর রাখা জরুরি, কয়েকটি নাম দেখলে সেটি ভুলেও কিনবেন না।
থ্যালেট্স
নেল পালিশ, চুলের স্প্রে-সহ বিভিন্ন সুগন্ধিতে রাসায়নিক ব্যবহার করা হয়। বিশেষ করে সুগন্ধি দীর্ঘস্থায়ী করার জন্য এর ব্যবহার বেশি হয়। এটি শরীরে গেলে হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলে। হরমোন তৈরির গ্রন্থিগুলির ক্ষতি করে, ফলে হরমোন নিঃসরণের হার কমে যায়। পুরুষ ও নারী উভয়ের প্রজনন ক্ষমতার ক্ষতি করে এই রাসায়নিক। গর্ভস্থ ভ্রূণের উপরেও প্রভাব ফেলে।
প্যারাবেন
এটি একধরনের প্রিজ়ারভেটিভ, যা প্রসাধনীর স্থায়িত্ব বৃদ্ধিতে সাহায্য করে। প্যারাবেন শরীরে ইস্ট্রোজেন হরমোনের অনুকরণ করতে পারে। স্তন ক্যানসারের টিউমারে প্যারাবেনের অস্তিত্ব পাওয়ার পর থেকে বিজ্ঞানীরা মনে করেন এটি হরমোন-সম্পর্কিত ক্যানসারের ঝুঁকি বহু গুণে বাড়িয়ে দিতে পারে। অতিবেগনি রশ্মির সংস্পর্শে এলে প্যারাবেনযুক্ত প্রসাধনী ত্বকের কোষ নষ্ট করতে থাকে। ফলে ত্বকে জ্বালা, চুলকানি বেড়ে যায়।
আরও পড়ুন:
ফরমালডিহাইড
প্রসাধনীতে থাকা ফরমালডিহাইড দীর্ঘদিন শরীরে প্রবেশ করলে তা থেকে ক্যানসারের ঝুঁকি বাড়তে পরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ফরমালডিহাইডকে মানবদেহে ক্যানসার সৃষ্টিকারী উপাদন হিসাবে চিহ্নিত করেছে। এটি শ্বাসকষ্ট, ত্বকে তীব্র অ্যালার্জির কারণ হতে পারে। এই রাসায়নিক থেকে চর্মরোগ হওয়ার ঝুঁকিও বাড়ে। প্রসাধনীর গায়ে ‘কোয়ার্টারনিয়াম-১৫’, ‘ইমিডাজ়োলিডিনাইল ইউরিয়া’ এমন নাম দেখলে সেগুলি কিনবেন না।
কোল টার ডাই বা আলকাতরার রং
লিপস্টিক, আইশ্যাডোতে এমন রাসায়নিক থাকে যার বেশির ভাগটাই আসে আলকাতরা বা কয়লা থেকে উৎপন্ন উপাদান থেকে। কোল টার থেকে তৈরি এই কৃত্রিম রংগুলিতে এমন ভারী ধাতু থাকে যা পেটে গেলে লিভারের জটিল রোগ হতে পারে।
সালফেট
এসএলএস এবং এসএলইএস, দুই ধরনের সালফেট ব্যবহার করা হয় বিভিন্ন শ্যাম্পু ও ক্লিনজ়ারে। ফেনা তৈরি করার জন্য এই ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। কিন্তু ত্বকের জন্য তা বিশেষ ভাল নয়। ২০১৭ সালে প্রকাশিত একটি গবেষণা বলছে সালফেট ত্বককে রুক্ষ করে তোলে, প্রাকৃতিক ভাবে ত্বকের তেল নিঃসরণ বন্ধ হয়ে যাওয়ায় অনেক সমস্যা দেখা দেয়। তাই এই ধরনের রাসায়নিক মুক্ত জিনিসই ব্যবহার করা উচিত। বিশেষত শুষ্ক ত্বক হলে বাড়তি সতর্কতা প্রয়োজন।