হাসপাতাল থেকে ছাড়া পেলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। গত দু’দিন ধরে ঝড় বয়ে গিয়েছে চট্টোপাধ্যায় পরিবারে। গত বৃহস্পতিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। অগ্নিদেবের স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরিচালক আগের থেকে অনেক সুস্থ। তবে স্বামীকে হাসপাতাল থেকে ছাড়াতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান সুদীপা নিজে। কী ঘটেছে ঠিক?
আনন্দবাজার ডট কম-কে সুদীপা বলেন, “কয়েক দিন ঠিক করে ঘুম হয়নি। পর্যাপ্ত ঘুম না হলে রক্তচাপ বেড়ে যায়। হাসপাতাল থেকে যখন অগ্নিকে (অগ্নিদেব চট্টোপাধ্যায়) নিতে যাই, তখন আচমকাই মাথাটা ঘুরে যায়। আর টাল সামলাতে পারিনি। পড়ে গিয়েছিলাম। তখন সঙ্গে সঙ্গে আমাকে জরুরি বিভাগে ভর্তি করানোর কথা বলছিলেন সবাই। কিন্তু একেবারেই তার প্রয়োজন ছিল না। তাই প্রাথমিক চিকিৎসার পরেই সুস্থ হয়ে যাই। তার পর অগ্নিকে নিয়ে বাড়ি ফিরি।”
আরও পড়ুন:
সুদীপা জানিয়েছেন, তাঁর স্বামী আগের চেয়ে অনেকটাই সুস্থ। তাই চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, পরিচালক এখন যেহেতু অনেকটাই দুর্বল, তার সঙ্গে প্রতিরোধ ক্ষমতাও কম, তাই হাসপাতালে না রাখাই ভাল। তাই সুদীপা সিদ্ধান্ত নেন অগ্নিদেবকে বাড়িতে ফিরিয়ে আনার। আপাতত বাড়িতেই চলবে পরিচালকের চিকিৎসা। এখন অনেকটাই নিশ্চিন্ত সুদীপা।