ওটিটি-তে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘দ্য রয়্যাল্স’-এর দ্বিতীয় সিজ়ন। তবে খবর, নতুন সিজ়নে নাকি আর দেখা যাবে না অভিনেত্রী ভূমি পেডনেকরকে। প্রথম সিজ়নে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন ঈশান খট্টর। এই সিরিজ়ের মাধ্যমেই ওটিটিতে আত্মপ্রকাশ করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জ়ীনত আমন।
সূত্রের খবর, প্রথম সিজ়নটি মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যেই নাকি দ্বিতীয় ভাগের তো়ড়জোড় শুরু হয়। তবে এ বার গল্পের কেন্দ্রে থাকছে না প্রেমকাহিনি। তার বদলে রাজপরিবারের সম্পর্ক, অভ্যন্তরীণ টানাপড়েন এবং তাদের জগতকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, “রোম্যান্টিক গল্পে সাধারণত নায়ক-নায়িকার সম্পর্কই মূল বিষয় হয়ে ওঠে। কিন্তু, সিরিজ়টি মুক্তি পাওয়ার পরে দর্শকের মনে বেশি দাগ কেটেছিল রাজপরিবার এবং ‘দ্য রয়্যাল্স’-এর পরিবেশটা। প্রথম সিজ়নের শেষে প্রেমের সম্পর্কটি অসম্পূর্ণ অবস্থাতেই ছিল। সেই কাহিনি এগিয়ে নিয়ে যাওয়ারও কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। সংস্থার সঙ্গে ভূমির কোনও ঝামেলাও হয়নি। তবে নির্মাতারা এ বার গল্পটিকে স্বাভাবিক ভাবেই নতুন মোড়ে এগিয়ে নিয়ে যেতে চাইছেন।” অর্থাৎ কটাক্ষের শিকার হয়ে নয়, গল্পের প্রয়োজনেই ‘দ্য রয়্যাল্স ২’ থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বর্তমানে ভূমি আরও গাঢ় ও জটিল চরিত্রকেন্দ্রিক গল্পের দিকে ঝুঁকেছেন। জানা গিয়েছে, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘হক্’ ছবির নির্মাতাদের নতুন এক কোর্টরুম ড্রামা নিয়ে আলোচনা চলছে তাঁর সঙ্গে। এ ছাড়াও সূত্রের দাবি, দীর্ঘ দিন পরে অভিনেতা ইমরান খানকে নিয়ে নেটফ্লিক্স যে ছবি তৈরি করছে, তাতেও নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ভূমিকে। বহু দিন ধরে গোপনে তৈরি হওয়া এই ছবি নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি, ‘দলদল ২’-এর কাজও শীঘ্রই শুরু করতে পারেন অভিনেত্রী।
আরও পড়ুন:
উল্লেখ্য, ‘দ্য রয়্যাল্স’-এর প্রথম সিজ়নের মুক্তির পরে সমালোচনা ও কটাক্ষ নিয়েও মুখ খুলেছিলেন ভূমি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “চারপাশের শব্দ এতটাই জোরে হয়ে উঠেছিল যে, আমি নিজের সৃষ্টিশীল কণ্ঠস্বরটাই আর শুনতে পাচ্ছিলাম না। প্রতিদিন যখন শুনতে হয় যে, তোমাকে আর আগের মতো দেখতে নেই! তখন সেটা ধীরে ধীরে মনে প্রভাব ফেলতে শুরু করে। আমি একসময় অসাড় হয়ে গিয়েছিলাম।”
তবে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, দ্বিতীয় সিজ়নেও প্রথম ভাগে তৈরি হওয়া জগৎ ও চরিত্রগুলো থাকবে। তবে প্রেম আর কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠতে না-ও পারে।