Advertisement
E-Paper

হিন্দিতে হোঁচট অভিনেতার! তাই তাঁর ভুল উচ্চারণেই ছবির নাম! এ সপ্তাহে আর কী চমক দেখবেন দর্শক?

রমরমিয়ে চলছে ‘ধুরন্ধর’, ‘বর্ডার ২’র মতো ছবি। ‘ও রোমিয়ো’ এবং শনায়া কপূর ও আদর্শ গৌরবের ‘তু ইয়া ম্যায়’ ছবিরও মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫১
প্রেক্ষাগৃহে চমকে দেবে কারা?

প্রেক্ষাগৃহে চমকে দেবে কারা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত সপ্তাহে মুক্তি পেয়েছে একগুচ্ছ ছবি। তার মধ্যে ‘ও রোমিয়ো’ নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। মিশ্র প্রতিক্রিয়া আসছে দর্শকের থেকে। এ ছাড়াও প্রেক্ষাগৃহে এখনও রমরমিয়ে চলছে ‘ধুরন্ধর’, ‘বর্ডার ২’র মতো ছবি। শনায়া কপূর ও আদর্শ গৌরবের ‘তু ইয়া ম্যায়’ ছবিরও মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে গুটিকয়েক ছবিই মুক্তি পাচ্ছে।

১) অস্সী: অনুভব সিন্‌হা পরিচালিত এই ছবি ঘিরে আলোচনা শুরু হয়েছে। এই কোর্টরুম ড্রামা-র কেন্দ্রে রয়েছে মহিলাদের উপর যৌন হিংসার ঘটনা। জানা যায়, ছবির চিত্রনাট্য লিখতে গিয়ে একটি বিষয় নিয়ে সতর্ক ছিলেন অনুভব। এই ছবি তৈরি করতে গেলে ভাবতে হবে মহিলাদের মতো করেই। তাই ছবি তৈরির আগে নারীকেন্দ্রিক বেশ কিছু ছবি দেখেছেন তিনি। তবে দীর্ঘদিন অন্তর্দ্বন্দ্বে ভুগেছেন পরিচালক। ছবি তৈরি করতে গিয়ে বিষণ্ণও হয়ে গিয়েছিলেন একসময়। শুধুই প্রশাসন, পুলিশ নয়— গোটা সমাজ যে প্রক্রিয়ায় চলে, তা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নারীদের উপর হিংসায় ইন্ধন জোগায়। ছবিতে অভিনয় করেছেন তাপসী পন্নু, রেবতী, মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, কানি কুসরুতি।

২) দো দিওয়ানে সেহের মে: ছবির নামের মধ্যেই রয়েছে একটি মজার বিষয়। অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও মৃণাল ঠাকুর। সিদ্ধান্ত অভিনীত চরিত্রের নাম শশাঙ্ক। সে ‘শ’ উচ্চারণ করতে পারে না। তাই ছবির নামে ‘শেহের’-এর জায়গায় রয়েছে ‘সেহের’। বাস্তবে ‘শ’ উচ্চারণের সমস্যা অভিনেতা সিদ্ধান্তেরও ছিল। সঠিক হিন্দি উচ্চারণ করতে পারতেন না তিনি। মুম্বই আসার বেশ কয়েক দিন পরেও তাঁর কথায় ভোজপুরি টান ছিল। ছবির অভিনেত্রী মৃণাল ঠাকুর জানান, উচ্চারণে সমস্যা তাঁরও ছিল। ইংরেজি উচ্চারণে তাঁরও ছিল মরাঠী টান। এর জন্য একসময়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি।

৩) গোট: ছোটদের জন্য এই ছবি যথার্থ। বিশেষ করে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজ়ের ভক্তদের এই অ্যানিমেশন ছবিটি আকৃষ্ট করবে। কারণ দু’টি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডেভিড হারবর, যাঁকে ‘স্ট্রেঞ্জার থিংস’-এ হপ-এর চরিত্রে দেখা গিয়েছিল। আর একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কেলাভ মাক্‌লফলন, যাঁকে লুকাসের চরিত্রে দেখা যায়। ছবির নির্মাতা টাইরি ডিলিহাই জানান, এই ছবিতে অ্যানিমেশন চরিত্র থাকলেও, রয়েছে এক বিশেষ বার্তা। একা ‘গোট’ হয়ে ওঠা নয়, দলবদ্ধ ভাবে ‘গোট’ (গ্রেটেস্ট অফ অল টাইম) হয়ে ওঠার বার্তা দেয় এই ছবি।

৪) পরবাসী: এই সপ্তাহে মুক্তি পাচ্ছে এই একটি বাংলা ছবিই। ১৯৬০ সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। সেই সময়ে পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশে চলতে থাকা অস্থির পরিস্থিতি উঠে আসে ছবিতে। বাংলাদেশ থেকে আসা শরণার্থী সমস্যাও রয়েছে এই ছবিতে। মনিত রায় সাহার পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ, লোকনাথ দে, দেবপ্রতিম দাশগুপ্ত, স্বাতী মুখোপাধ্যায় ও সবুজ বর্ধন। ছবির বিষয়বস্তু নির্বাচন প্রসঙ্গে পরিচলক বলেন, ‘‘ভাস্কর্য নিয়ে পড়া শেষ করে আমি পুণে ফিল্ম ইনস্টিটিউটে পড়তে যাই। তখন থেকেই দেখেছি, দেশভাগ নিয়ে ত্রিপুরার ইতিহাস অনেকেই জানেন না। আমিও বিষয়টা নিয়ে তথ্য জোগাড় করতে থাকি। তার পর এই গল্পটা হাতে আসে।’’

Taapsee Pannu Siddhant Chaturvedi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy