Advertisement
E-Paper

একসময়ে বাঙালি অপেক্ষা করত পুজোর অ্যালবামের! এখন কি প্রেমের সপ্তাহে গানমুক্তির চল? কী বলছেন শিল্পীরা?

একসময়ে পুজোয় মুক্তি পাওয়া রেকর্ড, ক্যাসেটে থাকত নানা স্বাদের গান। পুজোর অ্যালবামের জন্য নিয়ম করে গান গাইতেন সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে-র মতো শিল্পীরা। এখন কি তার বদলে গানমুক্তির জন্য বাঙালি শিল্পীরা বেছে নিয়েছেন প্রেমের সপ্তাহকে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬
গানের জগতে কি এখন বছরে দু’বার পুজো আসে?

গানের জগতে কি এখন বছরে দু’বার পুজো আসে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘স্পটিফাই’ থেকে ‘ইউটিউব’, প্রেমের সপ্তাহে তৈরি হয়ে যায় বিশেষ ‘প্লেলিস্ট’। দেশ-বিদেশের প্রেমের গান ছড়িয়ে থাকে সমাজমাধ্যমের পাতা জুড়ে। সেই পথে কি বাংলার শিল্পীরাও? একসময়ে সঙ্গীতপ্রেমী বাঙালি দুর্গাপুজোর অপেক্ষায় থাকতেন। শিল্পীদের বিশেষ অ্যালবামে থাকত বছরের সেরা গানগুলি। পুজোর মুখে তৈরি হত নতুন গানও। এখন প্রেমের সপ্তাহ কি বিশেষ গানমুক্তির অন্যতম সময় হয়ে উঠছে? গানের জগতে কি এখন বছরে দু’বার পুজো আসে? খোঁজ নিল আনন্দবাজার ডট কম।

গত কয়েক বছরে একটি ধারা দেখা গিয়েছে। পুজোর মরসুমে শিল্পীদের কিছু গান এখনও মুক্তি পায় ঠিকই। কিন্তু অধিকাংশ গানই পুজোকেন্দ্রিক বা ভক্তিগীতি হয়ে থাকে। কিন্তু একসময় পুজোয় মুক্তি পাওয়া রেকর্ড, ক্যাসেটে থাকত নানা স্বাদের গান। পুজোর অ্যালবামের জন্য নিয়ম করে গান গাইতেন সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্রের মতো শিল্পীরা। পুজোর জন্য ভিন্ন স্বাদের গানে সুর দিতেন রাহুল দেব বর্মণ, নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত প্রমুখ। তার পরে একই ধারা বজায় রেখে পুজোয় অ্যালবাম বার করেছেন শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, ইন্দ্রানী সেনের মতো শিল্পীরাও। বর্তমানে সেই জায়গায় পুজোয় ‘বলো বলো দুর্গা এল’, ‘আইল উমা বাড়িতে’র মতো গান বেজেছে মণ্ডপে মণ্ডপে। ফলে ছোট হয়েছে পরিধি। ধীরে ধীরে পুজোর সময়ে মুক্তি পাওয়া গানের সংখ্যাও কমেছে। তার বদলে অন্য উপলক্ষে গানমুক্তির প্রবণতা কি বেড়েছে? যেমন, চলতি প্রেমের সপ্তাহেই মুক্তি পেয়েছে একাধিক শিল্পী ও বাংলা ব্যান্ডের গান।

প্রেমের সপ্তাহে মুক্তি পেয়েছে অনুপম রায়ের গান ‘অবাস্তব প্রেম’। এই গানের জন্য দর্শনা বণিকের সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োও তৈরি করেছেন গায়ক। প্রেমের সপ্তাহের কথা ভেবেই কি এই গান তৈরি করা? অনুপমের বক্তব্য, এই সময়টা অবশ্যই গানমুক্তির জন্য ভাল সময়। ২০১২ ও ২০১৩-র ভ্যালেন্টাইনস ডে-তেই মুক্তি পেয়েছিল তাঁর অ্যালবাম ‘দূরবীনে চোখ রাখব না’ এবং ‘দ্বিতীয় পুরুষ’। তবে পুজোয় গানমুক্তির চল এখন আর নেই, এ কথা মানতে নারাজ অনুপম। কারণ তাঁদের যে অ্যালবাম মুক্তি পাবে পুজোয়, তারই প্রথম গানের ভিডিয়ো মুক্তি পেল ১৩ ফেব্রুয়ারি।

দর্শনা বণিকের সঙ্গে অনুপম রায়ের মিউজ়িক ভিডিয়ো মুক্তি পেয়েছে।

দর্শনা বণিকের সঙ্গে অনুপম রায়ের মিউজ়িক ভিডিয়ো মুক্তি পেয়েছে। ছবি: সংগৃহীত।

সারা বছর প্রচুর ছবির গানের কাজ থাকে। তাই নিজের গান কখন বেরোবে, দিনক্ষণ ঠিক করতে পারেন না, জানান অনুপম। তাঁর কথায়, “ছবির গানের সঙ্গে আমার নিজের গান মুক্তি পেলে, মানুষের কাছে বিভ্রান্তি তৈরি হয়। এখন যেহেতু কোনও ছবির গান মুক্তি পাচ্ছে না, সে কারণেই এই গানটি এখন মুক্তি পেল। পুজোর আগে ফাঁকা সময় থাকলে আরও গান মুক্তি পেয়ে যাবে।”

প্রেমের সপ্তাহেই মুক্তি পেল ‘ফসিল্‌স ৭’। এই বাংলা ব্যান্ডের গানে ব্যর্থ প্রেমের গল্প উঠে আসে। তাই কি প্রেমের সপ্তাহেই এই অ্যালবাম মুক্তির সিদ্ধান্ত? ব্যান্ডের গায়ক-সঙ্গীতকার রূপম ইসলামের স্পষ্ট জবাব, এই ঘটনা কাকতালীয় মাত্র। গানমুক্তির জন্য তাঁরা বিশেষ দিন দেখেন না। বরং যে দিন ‘ফসিল্‌স’-এর অ্যালবাম মুক্তি পায়, সেই দিনটা এমনিতেই বিশেষ হয়ে ওঠে। শিল্পীর কথায়, “আমরা যত দ্রুত সম্ভব অ্যালবামটি মুক্তির চেষ্টা করেছি। এটাই সেই সময়টা। এর আগে পর্যন্ত আমরা ব্যস্ত ছিলাম। কাজ শেষ হয়েছে তার পর মুক্তি পেয়েছে। এর সঙ্গে প্রথাগত কোনও দিনের কোনও সম্পর্ক নেই। ‘ফসিল্‌স’ কখনওই কোনও প্রথাগত দিনক্ষণ দেখেনি গানমুক্তির জন্য।” তাদের প্রথম অ্যালবাম মুক্তি পেয়েছিল এক নববর্ষে। সেটিও সম্পূর্ণ কাকতালীয় ছিল বলেই জানান রূপম।

মুক্তি পেয়েছে ‘ফসিল্‌স ৭’।

মুক্তি পেয়েছে ‘ফসিল্‌স ৭’। ছবি: সংগৃহীত।

‘বাঙালির এখন বারো মাসে চব্বিশ পার্বণ’, মনে করেন ‘পৃথিবী’ ব্যান্ডের গায়ক-সঙ্গীতকার কৌশিক চক্রবর্তী। তাঁদের গান ‘বিদায় প্রিয়তমা’ মুক্তি পেল ১৪ ফেব্রুয়ারি। প্রেমের গান, রয়েছে প্রেমে প্রতারিত হওয়ার পরে প্রতিশোধের বার্তাও। তবে এই গানটি প্রেম দিবস উপলক্ষেই মুক্তি পাচ্ছে বলে মানতে নারাজ তারাও। তবে ব্যক্তি কৌশিকের বক্তব্য, “আমার কাছে এই দিনটির গুরুত্ব রয়েছে। কারণ, এই গানটি যে বিষয় নিয়ে তৈরি, তা আমার জীবন থেকেই উঠে আসা।”

‘বিদায় প্রিয়তমা’ মুক্তি পেল ১৪ ফেব্রুয়ারি।

‘বিদায় প্রিয়তমা’ মুক্তি পেল ১৪ ফেব্রুয়ারি। ছবি: সংগৃহীত।

পুজোর সময়ে গানমুক্তির গুরুত্ব কি কমেছে? শিল্পী মনে করেন, আগের অনুপাতে গানমুক্তির সংখ্যা কমেছে। তিনি বলেন, “পুজোয় অ্যালবাম মুক্তি পাবেই, আগে এমনই চল ছিল। সেটা আর এখন নেই। একসময় নববর্ষেও অ্যালবাম মুক্তির চল ছিল। কিন্তু এখন তো নানা উৎসব। যে কোনও উৎসবেই কিছু একটা করতে হবে, এই চল তৈরি হয়েছে। কেউ কেউ উৎসবে মাতে, আর আমরা গানে মাতি।”

‘লক্ষ্মীছাড়া’ ব্যান্ডের ড্রামার গৌরব চট্টোপাধ্যায় মনে করেন না, পুজোর বদলে প্রেমের সপ্তাহে গানমুক্তির চল বেড়েছে। তবে তাঁদেরও একটি গান প্রেমের মাস ফেব্রুয়ারিতেই মুক্তি পেয়েছে। যদিও সেই গানটি প্রেমের নয়। গৌরব তথা গাবুর কথায়, “প্রেমের গান হলে এই সময়ে মুক্তি পায় ঠিকই। কিন্তু, তা ছাড়া এই সময়ে গানমুক্তির চল তৈরি হয়েছে, সেটা বলা যায় না। আমাদের গান ‘পদবী’ও এই মাসে মুক্তি পেয়েছে। তবে সেটা কাকতালীয়।”

‘লক্ষ্মীছাড়া’ ব্যান্ডের নতুন গান মুক্তি পেয়েছে এই মাসে।

‘লক্ষ্মীছাড়া’ ব্যান্ডের নতুন গান মুক্তি পেয়েছে এই মাসে। ছবি: সংগৃহীত।

কাকতালীয় হোক বা না হোক, ফেব্রুয়ারি মাসের সময়টা জুড়ে গানে জোয়ার অবশ্যই বেড়েছে। তাতে সকল গায়ক বা ব্যান্ড শামিল না হলেও যোগ দিচ্ছেন যে রীতিমতো অভিজ্ঞ জনেরা, তা তো দেখাই যাচ্ছে। এমনকি, বাদ পড়েননি রাজনীতিক ও গায়ক বাবুল সুপ্রিয়-ও। মুম্বইয়ের আর এক শিল্পী শানের সঙ্গে জোট বেঁধে এ মরসুমে নতুন গান আনছেন তিনিও।

Tollywood Music
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy