Advertisement
E-Paper

স্পা-তে গিয়েই বিপত্তি! ৬৭ লক্ষ টাকার বিয়ের আংটি খুইয়ে দিশাহারা হলিউড অভিনেত্রী

হলিউডের একটি নামী হোটেলেই উঠেছিলেন অভিনেত্রী। সিন্দুকে রাখার পরেও হোটেল থেকে খোয়া গেল তাঁর বহুমূল্য বিয়ের আংটি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৩ ২১:৫৭
Hollywood actress Lily Collins is devastated after losing her engagement ring worth rupees 67 lacs.

হলিউডের হোটেল থেকে খোয়া গেল অভিনেত্রী লিলি কলিন্সের ৬৭ লক্ষ টাকা দামের হিরের আংটি। ছবি: সংগৃহীত।

হলিউডে ফের বড়সড় চুরির ঘটনা! এ বার বিয়ের আংটি চুরি গেল জনপ্রিয় হলিউড তারকা লিলি কলিন্সের। লস অ্যাঞ্জেলেসের একটি নামী হোটেলে ঘটে এই ঘটনা। পশ্চিম হলিউডের ওই হোটেলে ছিলেন ‘এমিলি ইন প্যারিস’ খ্যাত অভিনেত্রী লিলি কলিন্স। স্পা-তে যাওয়ার আগে নিজের বিয়ে ও বাগ্‌দানের আংটি খুলে রেখে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরেই দেখেন, খোয়া গিয়েছে তাঁর ৬৭ লক্ষ টাকা দামের হিরের আংটি। ঘটনার পর থেকে প্রায় দিশেহারা অভিনেত্রী।

দুই থেকে তিন ক্যারাটের একটি ‘রোজ় কাট’ হিরে দিয়ে বানানো এই আংটি। হিরের রঙেও রয়েছে গোলাপি আভা। লিলির স্বামী, হলিউডের পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজে নকশা বানিয়েছিলেন এই আংটির। আংটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭ লক্ষ টাকা। অভিনেত্রীকে এই আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। সমাজমাধ্যমের পাতায় এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বাগ্‌দানের এই আংটি নয়, অভিনেত্রীর বিয়ের আংটিও খোয়া গিয়েছে হোটেল থেকে। ওই হোটেলে থাকাকালীন স্পা-তে যাওয়ার আগে আংটিগুলি খুলেছিলেন লিলি। রেখে গিয়েছিলেন নিরাপদ সিন্দুকেই। তা সত্ত্বেও কী ভাবে চুরি হল আংটি দু’টি, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যদিও খবর, কোনও বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, ভিতরের কেউই এই চুরির নেপথ্যে রয়েছেন।

২০১৯ সাল থেকে হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে প্রেম। ২০২০ সালে সেপ্টেম্বর মাসে তাঁর সঙ্গে আংটিবদল করেন অভিনেত্রী লিলি কলিন্স। পরের বছর কলোরাডোয় ব্যক্তিগত পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিলি ও চার্লি। এখন স্বামী ও পোষ্য রেডফোর্ডকে নিয়ে সংসার হলিউড অভিনেত্রীর।

hollywood Hollywood Actress Hollywood Celebrity Theft Lily Collins Emily in Paris
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy