Advertisement
E-Paper

কারও দু’দিন পুজো, কেউ পালন করলেন হর-পার্বতীর বিবাহবার্ষিকী! রইল টলি তারকাদের শিবরাত্রির ছবি

এঁরা প্রত্যেক বছর মন দিয়ে শিবরাত্রি পালন করেন। এ বছর দু’দিন ধরে চলছে উদ্‌যাপন। টলি তারকারা কী ভাবে পালন করলেন বিশেষ দিন?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৫
কারা নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করলেন?

কারা নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করলেন? ছবি: ফেসবুক।

রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা। শিবভক্তেরা এ বছরের শিবরাত্রি দু’দিন ধরে পালন করছেন। সাধারণ থেকে তারকা— প্রায় প্রত্যেকেই নিজের মতো করে মহাদেবের আরাধনায় ব্যস্ত ছিলেন। যেমন, কেউ দু’দিনই পুজোপাঠ করেছেন। কেউ কেউ পৌঁছে গিয়েছেন বারাণসীতে। পুরাণমতে, ১ ফাল্গুন হর-পার্বতীর বিয়ের দিন। এ বছর তার পরের দিনে শিবরাত্রির সূচনা। সেই কথা মাথায় রেখে কোনও জনপ্রিয় অভিনেতা দেব-দেবীর বিবাহবার্ষিকীও পালন করেছেন!

বাংলা বিনোদনদুনিয়া কী ভাবে রবি এবং সোমবার উদ্‌যাপনের আয়োজনে ব্যস্ত? তার ছবি আর খবর আনন্দবাজার ডট কম-এ।

প্রত্যেক পুজো নিজের বাড়ির মন্দিরে পালন করেন জিৎ। এ বছরেও তার ব্যতিক্রম ঘটেনি। সমাজমাধ্যমে অনুরাগীদের ‘মহা শিবরাত্রি’র শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।

শিবপুজো আর বিধানসভা নির্বাচনের প্রচার একসঙ্গে শুরু করলেন রাজ চক্রবর্তী?

শিবপুজো আর বিধানসভা নির্বাচনের প্রচার একসঙ্গে শুরু করলেন রাজ চক্রবর্তী? ছবি: সংগৃহীত।

শিবরাত্রি পালন করেছেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীও। তিনি এ দিন উপোস করে পুজো দেন। একই সঙ্গে বিধানসভার প্রচার শুরু করেন। উপবাসে থাকা দর্শনার্থীদের ছাতুর শরবৎ খাওয়ান।

শিবভক্ত মিমি চক্রবর্তী।

শিবভক্ত মিমি চক্রবর্তী। ছবি: অভিনেত্রীর বানানো AI ছবি।

মিমি চক্রবর্তী প্রচণ্ড শিবভক্ত। বাংলার প্রায় তেত্রিশ কোটি দেবদেবীর প্রতি শ্রদ্ধা তাঁর। কিন্তু মহাদেবের যে কোনও উদ্‌যাপনে তাঁকে পাওয়া যায়। অভিনেত্রীর আপ্তসহায়ক জানিয়েছেন, এ বছর দু’দিন ধরে পুজো করছেন মিমি। রবিবার তিনি বাড়ির শিবলিঙ্গের মাথায় জল ঢেলেছেন। সমস্ত নিয়ম নিখুঁত ভাবে পালন করেছেন। সোমবার তিনি প্রতি বছরের মতো যাবেন মন্দিরে। সেখানে পুরোহিতের সঙ্গে মন্ত্রপাঠ করে পুজো দেবেন।

সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়ের শিবপুজো।

সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়ের শিবপুজো। ছবি: সংগৃহীত।

শিবরাত্রি উপলক্ষে নিজেদের বাড়িতে হোমের আয়োজন করেছিলেন সোহিনী সরকার-শোভন গঙ্গোপাধ্যায়। লালপাড় সাদা শাড়িতে সেজেছিলেন সোহিনী। মাথায় ঘোমটা টেনে সোহিনী বসেছিলেন, তাঁর পাশে মাথায় পাগ়ড়ি বেঁধে বসে শোভন।

বারাণসীতে শিবপুজোয় সৌরসেনী মৈত্র।

বারাণসীতে শিবপুজোয় সৌরসেনী মৈত্র। ছবি: সংগৃহীত।

সৌরসেনী মৈত্র। অভিনেত্রীকে দেখা যাবে রাজ চক্রবর্তীর সিরিজ় ‘আবার প্রলয় ২’-এ। তিনি পৌঁছে গিয়েছেন বারাণসী। সেখানে মন্দিরে শিবের মাথায় জল ঢালতে দেখা গিয়েছে তাঁকে।

বারাণসীতে অঙ্কিতা মল্লিক।

বারাণসীতে অঙ্কিতা মল্লিক। ছবি: সংগৃহীত।

একই ভাবে বারাণসীতে ছোটপর্দার ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক। কপালে হর হর মহাদেব লেখা তিলক আঁকতে দেখা গিয়েছে তাঁকে।

দেবচন্দ্রিমা সিংহ রায়ের শিবরাত্রি।

দেবচন্দ্রিমা সিংহ রায়ের শিবরাত্রি। ছবি: সংগৃহীত।

মায়ের সঙ্গে বারাণসীর মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সাদা শাড়িতে ফুলছাপ। ফুল, মালায় শিবলিঙ্গকে সাজিয়ে ভক্তিভরে প্রণাম সারেন তিনি।

সৌমিতৃষা কুন্ডু দেব আরাধনায় ব্যস্ত।

সৌমিতৃষা কুন্ডু দেব আরাধনায় ব্যস্ত। ছবি: সংগৃহীত।

চওড়া লালপাড়, ঘিয়েরঙা সিল্ক। নাকে বড় নথ। খোলা চুল, কপালে লাল টিপ। এই সাজে মন্দিরে উপস্থিত সৌমিতৃষা কুন্ডু। শিবের মাথায় দুধ, গঙ্গাজল ঢালেন। শিবলিঙ্গে পরিয়ে দেন ধুতরো ফুলের মালা। পুজোশেষে মাথা ঠেকিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন।

শ্রীময়ী চট্টরাজ, ডোনা গঙ্গোপাধ্যায়ের পুজো।

শ্রীময়ী চট্টরাজ, ডোনা গঙ্গোপাধ্যায়ের পুজো। ছবি: সংগৃহীত।

বাড়িতেই তাঁর সমস্ত দেবদেবী। সেখানেই শিবলিঙ্গের মাথায় দুধ ঢেলে শিবরাত্রির ব্রতপালন শ্রীময়ী চট্টরাজের। তিনিও নিয়ম মেনে দুধ, গঙ্গাজল, ধুতরো ফুল দিয়ে পুজো সেরেছেন। অভিনেতা-রাজনীতিবিদ স্বামী কাঞ্চন মল্লিকের মঙ্গল চেয়ে করেছিলেন নির্জলা উপোস থেকে। নিজেদের বাড়ির ঠাকুরঘরে মোমবাতি জ্বেলে, নিয়ম মেনে শিবরাত্রি পালন করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়।

শিবরাত্রির দিন হর-পার্বতীর বিবাহবার্ষিকী পালনে জীতু কমল।

শিবরাত্রির দিন হর-পার্বতীর বিবাহবার্ষিকী পালনে জীতু কমল। ছবি: সংগৃহীত।

বাড়ির ঠাকুরঘরে শিবের ছবি। সঙ্গে শিবলিঙ্গ। দুটোই ধুতরো ফুলের মালায় সাজানো। চারপাশে মোমবাতির ঘেরাটোপ। মাথা ঠেকিয়ে প্রণাম সেরেই ‘প্রিয় বন্ধু’কে নিয়ে ছড়া লিখলেন জীতু কমল। মহাদেবকে তাঁর ‘বন্ধু’ বলে মানেন অভিনেতা। শিবরাত্রির আগের দিন ১ ফাল্গুন। হর-পার্বতীর বিয়ের দিন। সে কথা স্মরণ করে তিনি লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী। তুমি আমার ভ্যালেন্টাইন। তুমি আমার সর্বস্ব, শুভ শিবরাত্রি। ভাল থেকো বাবা।’

Mimi Chakraborty Souraseni Maitra Sohini Sarkar Soumitrisha Kundoo Jeetu Kamal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy