Advertisement
E-Paper

বিয়েবাড়ি যাবেন বলে জামিনের আবেদন করেন রাজপাল যাদব! কোন শর্তে মিলল অন্তর্বর্তী জামিন?

বলা হয়েছিল, যদি নির্ধারিত সময়ের মধ্যে ডিমান্ড ড্রাফ্ট জমা না দিতে পারেন, তা হলে মঙ্গলবার সকালে আবার শুনানির জন্য তোলা হবে রাজপাল যাদবকে। তবে সোমবারই মিলল অন্তর্বর্তী জামিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৫
কোন দিকে মোড় নেবে রাজপাল যাদবের চেক বাউন্স মামলা?

কোন দিকে মোড় নেবে রাজপাল যাদবের চেক বাউন্স মামলা? ছবি: সংগৃহীত।

‘চেক বাউন্স’ মামলায় স্বস্তি অভিনেতা রাজপাল যাদবের। সোমবার ছিল এই মামলার শুনানির তারিখ। দিল্লি হাই কোর্ট নির্দেশ দেয়, সোমবার দুপুর ৩টের মধ্যে অভিযোগকারী পক্ষের নামে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফ্ট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিয়েই অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা।

যদি নির্ধারিত সময়ে ডিমান্ড ড্রাফ্ট জমা না দিতে পারেন রাজপাল, তা হলে মঙ্গলবার সকালে আবার শুনানির জন্য আদালতে উঠবে এই মামলা, জানানো হয়েছিল এমনই। আগামী ১৯ ফেব্রুয়ারি অভিনেতার পরিবারে বিয়ের অনুষ্ঠান রয়েছে। তাঁর ভাইঝির বিয়ে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন বলেই অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন রাজপাল। অবশেষে স্বস্তির নিঃশ্বাস। শীঘ্রই তিহাড় জেল থেকে ছাড়া পাবেন অভিনেতা। ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন ধার্য করেছে আদালত। তার পরে আবার শুনানি হবে। সেই তারিখ এখনও ঘোষণা হয়নি।

রাজপালের বিরুদ্ধে ‘চেক বাউন্স’ সংক্রান্ত অভিযোগ থেকে এই মামলায় সূত্রপাত। অভিযোগকারী পক্ষের আইনজীবী অবনিত সিংহ সিক্কার দাবি, যাদব মোট সাতটি চেকে সই করেছিলেন। প্রতিটির অঙ্ক ছিল দেড় কোটি টাকা। চেক বাউন্স হওয়ার পরে আদালত প্রতিটি মামলায় তাঁকে তিন মাস করে কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই সঙ্গে প্রতিটি চেকের জন্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা করে জরিমানাও ধার্য করা হয়।

সেই আইনজীবী আরও জানিয়েছেন, অভিনেতা এখনও পর্যন্ত জরিমানার কোনও অর্থ শোধ করেননি। আরও জানা যায়, ২০২৪ সালে অভিনেতা মধ্যস্থতার মাধ্যমে মীমাংসার প্রস্তাব দিয়েছিলেন। তবে অভিযোগ অনুযায়ী সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি এবং বকেয়া অর্থ পরিশোধ করা হয়নি।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy