Advertisement
E-Paper

হারিয়েছিলেন ব্যাগ, চটজলদি খুঁজে দিল পুলিশ! আনন্দে পুলিশকর্মীকে জড়িয়ে ধরলেন বিদেশিনি, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বন্ধুদের নিয়ে ভারত সফরে এসেছিলেন বিদেশিনি। গিয়েছিলেন হৃষীকেশে। সেখানে তাঁর ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগে তাঁর মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং টাকা ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১২:৪৩
Video shows foreigner hugs police after finding her lost bag in Uttarakhand

ছবি: এক্স থেকে নেওয়া।

ভারত ভ্রমণে এসে বিপদে পড়েছিলেন বিদেশিনি। গুরুত্বপূর্ণ নথি সম্বলিত ব্যাগ হারিয়েছিলেন। তাঁকে বিপদ থেকে রক্ষা করল পুলিশ। খুঁজে এনে দিল হারানো ব্যাগ। আর তার পরেই কৃতজ্ঞতাবশত এক পুলিশকর্মীকে জড়িয়ে ধরলেন বিদেশিনি। মন ভাল করা সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। পুলিশকর্মীর সততা মন জয় করেছে নেটাগরিকদের। যদিও সেই ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বন্ধুদের নিয়ে ভারতে এসেছিলেন বিদেশিনি। গিয়েছিলেন হৃষীকেশে। সেখানে তাঁর ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগে তাঁর মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং টাকা ছিল। এই পরিস্থিতি বিদেশি পর্যটকের কাছে বিভীষিকাময়। কিন্তু ওই তরুণীকে সাহায্যের জন্য এগিয়ে আসে উত্তরাখণ্ডের পুলিশ। পুলিশ তৎপরতা দেখিয়ে তরুণীর ব্যাগের সন্ধানে নামে। ব্যাগটি উদ্ধারও হয়। ব্যাগ খুঁজে পাওয়ার পর আনন্দে বিদেশিনির চোখে জল এসে যায়। হাতজোড় করে পুলিশকে ধন্যবাদ জানান তিনি। পাশে থাকা এক পুলিশকর্মীকে জড়িয়েও ধরেন। ওই পুলিশকর্মী লজ্জা পেয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে উত্তরাখণ্ড পুলিশ-এর সরকারি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন ভাল ভাল মন্তব্য করেছেন, তেমনই আবার উত্তরাখণ্ডের ওই পুলিশকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। উত্তরাখণ্ড পুলিশের ওই কর্মীদের ‘প্রকৃত নায়ক’ তকমা দিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার পুলিশকর্মীদের সততা এবং কঠোর পরিশ্রম নিয়েও আলোচনা করেছেন। যদিও কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সবসময় পুলিশ কেন এমন তৎপরতা দেখায় না?

Viral Video Foreigner Uttarakhand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy