Advertisement
E-Paper

নিট প্রশ্নফাঁস: অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ! মন্তব্য সুপ্রিম কোর্টের, পরীক্ষার পরিচালন সংস্থা বদলের আর্জিতে জবাব তলব

প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মাঝে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন’। তাদের আবেদন, এনটিএ-র পরিকাঠামোগত সংস্কার করা হোক। কিংবা, এনটিএ-কে দায়িত্ব থেকে সরিয়ে কোনও স্বশাসিত সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৩:২৯
সুপ্রিম কোর্টে নিট প্রশ্নফাঁস মামলা।

সুপ্রিম কোর্টে নিট প্রশ্নফাঁস মামলা। —ফাইল চিত্র।

ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি)-র আয়োজন নিয়ে এ বার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। শীর্ষ আদালতের মন্তব্য, অতীতের প্রশ্নফাঁসের ঘটনা থেকে কোনও শিক্ষা নেয়নি এনটিএ। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উল্লেখ্য, বর্তমানে নিট-ইউজি পরিচালনার দায়িত্বে রয়েছে এনটিএ। তবে সাম্প্রতিক প্রশ্নফাঁস বিতর্কের পরে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা বদলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। তার প্রেক্ষিতে এনটিএ, কেন্দ্রীয় সরকার এবং তদন্তকারী সংস্থা সিবিআই-এর জবাব তলব করেছে আদালত।

দু’বছর আগে, ২০২৪ সালেও নিট প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। তখনও জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। পুরনো সেই মামলার কথা সোমবার এনটিএ-কে স্মরণ করিয়ে দিয়েছে বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। সুপ্রিম কোর্টে মন্তব্য, “তারা (এনটিএ) অতীতের ভুল থেকে কোনও শিক্ষা নেয়নি। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। এই বিষয় আগেও একবার আদালতে উঠে এসেছিল। তখন একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি বেশ কিছু সুপারিশ করেছিল, যার অনেকগুলিই গ্রহণ করা হয়েছিল।” কমিটির প্রস্তাবিত সুপারিশগুলি এনটিএ কতটা বাস্তবায়িত করেছে, সে বিষয়ে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে হলফনামা জমা দিয়ে এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বলা হয়েছে এনটিএ-কে।

প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মাঝে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন’। তাদের আবেদন, এনটিএ-র পরিকাঠামোগত সংস্কার করা হোক। কিংবা, এনটিএ-কে দায়িত্ব থেকে সরিয়ে কোনও স্বশাসিত ও নির্ভরযোগ্য সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। তাদের আরও দাবি ছিল, পরীক্ষা পরিচালনের বিষয়টি নতুন কোনও সংস্থার হাতে তুলে দেওয়ার আগে পর্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন কোনও কমিটি গঠন করা হোক। এই সংক্রান্ত মামলার সোমবার শুনানি হয় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির এজলাসে।

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে গোটা দেশে হুলস্থুল পড়ে গিয়েছে। গত ৩ মে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি পরীক্ষা হয়। কিন্তু তার পরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতে শুরু করে। ঘটনাচক্রে, ২০২৪ সালেও ঠিক একই রকম ভাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতেই পরীক্ষার ন’দিনের মধ্যে তা বাতিল করার সিদ্ধান্ত নেয়। আগামী ২১ জুন নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

NEET Supreme Court NTA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy