Advertisement
E-Paper

পাকিস্তানে ফের বিস্ফোরণ! অটোয় রেখে দেওয়া বোমা ফেটে নিহত শিশু-সহ দুই, খাইবার পাখতুনখোয়ায় জখম অন্তত ১৬

খাইবার পাখতুনখোয়ায় এক থানার কাছে রাস্তার ধারে অটো দাঁড়িয়ে ছিল। ওই অটোর মধ্যেই বোমা লুকিয়ে রাখা ছিল বলে জানা যাচ্ছে। তবে কী ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৬
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সোমবার দুপুরে বিস্ফোরণ হয় একটি অটোয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সোমবার দুপুরে বিস্ফোরণ হয় একটি অটোয়। ছবি: সংগৃহীত।

ফের বোমা বিস্ফোরণ পাকিস্তানে। সোমবার সকালে খাইবার পাখতুনখোয়ায় এক থানার সামনে অটোর মধ্যে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এক শিশু-সহ দু’জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন আরও অন্তত ১৬ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উত্তর-পশ্চিম পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় প্রায়শই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ লেগে থাকে। তবে এই বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। খাইবার পাখতুনখোয়ার বানু জেলায় ওয়াজ়িরিস্তান সীমানা লাগোয়া এলাকায় বিস্ফোরণটি হয়। জানা যাচ্ছে, সেখানে এক থানার কাছে রাস্তার উপরে একটি অটো দাঁড়িয়ে ছিল। ওই অটোর মধ্যেই বোমা রাখা ছিল। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু-সহ দু’জনের।

বিস্ফোরণে জখমদের দ্রুত উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণস্থলটি ইতিমধ্যে ঘিরে ফেলেছে স্থানীয় পুলিশ এবং নিরাপত্তাবাহিনী। অটোর মধ্যে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের তদন্ত শুরু করেছে স্থানীয় তদন্তকারী সংস্থা।

গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের এক মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয়। বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হন। জখম হন কমপক্ষে ১৬৯ জন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে অন্যতম বড় সন্ত্রাসবাদী হামলা ছিল সেটি। ওই বিস্ফোরণের পর থেকেই পাকিস্তানের বিভিন্ন প্রান্তে অভিযান শুরু হয়। তাতে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার থেকে গ্রেফতার করা হয় তিন জনকে। পরবর্তী সময়ে জানা যায়, বালোচ বিদ্রোহীরা ওই হামলায় জড়িত ছিল।

এ বার সেই খাইবার পাখতুনখোয়াতেই অটোর মধ্যে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যু হল দু’জনের। আফগানিস্তান সীমান্ত লাগোয়া এই প্রদেশে দীর্ঘ দিন ধরেই সক্রিয় তালিব বিদ্রোহীরা। পাকিস্তানি বাহিনীর সঙ্গে মাঝেমধ্যেই সংঘর্ষ লেগে থাকে এই বিদ্রোহী গোষ্ঠীর। তবে অটো-বোমা বিস্ফোরণে কারা জড়িত, তা এখনও জানা যায়নি।

Pakistan Khyber Pakhtunkhwa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy