মাসের দ্বিতীয় রবিবার। শুটিং বন্ধ। ছুটির মেজাজে টলিপাড়া। রাস্তাঘাট শুনশান। তারকাদের চোখ জায়ান্ট স্ক্রিনে। টি ২০ বিশ্বকাপ ফাইনাল। ভারতকে জয় ছিনিয়ে আনতে হবে নিউ-জিল্যান্ডের থেকে। কেউ একা, কেউ বাবার সঙ্গে, কেউ দলবেঁধে বসে পড়েছেন। অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটাররা ছক্কা হাঁকালেই উল্লাসে ফেটে পড়ছেন তাঁরা। আউট হলে মুখ শুকিয়ে আমসি!
মাঠে টানটান উন্মাদনা। উত্তেজনায় কেউ আঙুলের নখ কেটেই চলেছেন! কেউ কামড় বসাচ্ছেন মুরগির ঠ্যাঙে। পর্দায় বিজ্ঞাপন দেখালেই ‘গসিপ’ শুরু। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে সৌরভ দাস হয়ে এই প্রজন্মের দিব্যজ্যোতি দত্ত কিংবা দর্শনা বণিক। নিজেদের মতো করে খেলা উপভোগ করেছেন।
সৃজিতের কথাই ধরুন। পরিচালক কখনওই একা খেলা দেখেন না। এর আগে তিনি খেলা দেখেছেন ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সৃজিতের দলে দেখা গিয়েছে ইন্দ্রাশিস রায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ, গৌরব চক্রবর্তীকেও। এ দিনও প্রযোজক ইন্দ্রাশিস, গৌরব, রাহুল-সহ বিনোদনদুনিয়ার বন্ধুদের নিয়ে জমিয়ে খেলা দেখেছেন। মুখ চালাতে ছিল রকমারি খাবার।
একই ভাবে দলবেঁধে খেলা দেখেছেন সৌরভ দাস, বনি সেনগুপ্ত এবং ক্রিকেট দল সিসিএল-এর সদস্যরা। বাড়িতে জায়ান্ট স্ক্রিনে জমিয়ে খেলা দেখা। এই দলের সঙ্গে খেলা দেখার আমন্ত্রণ পেয়েছিলেন দর্শনা বণিকও। আনন্দবাজার ডট কম-কে তিনি বলেছেন, “সেটা হচ্ছে না। কারণ, আমি শুটিংয়ের কারণে বাবার কাছে। ফলে, আমি আর বাবা মিলে খেলা দেখব।” এবং খেলা দেখার ফাঁকে অবশ্যই মুখ চলবে। তার জন্য দর্শনা আগাম বানিয়ে রেখেছেন রাগীর চিপস, আইসক্রিম!
এই দলে যোগ দেওয়ার কথা ছিল আরও একজনের। তিনি অভিনেতা রাহুল মজুমদার। নতুন ধারাবাহিক শুরু হয়েছে। সোমবার থেকে শুটিং। তাই তিনি বাড়িতেই। বললেন, “মেয়ে, স্ত্রী প্রীতি আর বন্ধুরা। আমরা জোট বেঁধে খেলা দেখব।” খাওয়াদাওয়ার প্রসঙ্গ উঠতেই রাহুলের আক্ষেপ, “ডায়েটে রয়েছি। চিপস, ঠান্ডা পানীয় চলবে না। বদলে মাখানা আর কালো কফি। বড়জোর চিকেন ড্রাম স্টিক।”
দোল খেলেছেন একসঙ্গে। পর্দায় জুটি বেঁধে আসছেন দিব্যজ্যোতি দত্ত, দিব্যাণী মণ্ডল। খেলাও কি একসঙ্গেই দেখছেন তাঁরা? প্রশ্ন করতেই দিব্যজ্যোতি বললেন, “কাজের চাপে খুব কম মঞ্চানুষ্ঠান করছি। কিন্তু কাকতালীয় ভাবে আজকের দিনেই সেই শো পড়েছে। অনেক আগে কথা দিয়ে রেখেছিলাম। সেখানেই যাচ্ছি। যাওয়ার পথে মুঠোফোনে খেলা দেখতে দেখতে যাব।” তিনিও ভেবেছিলেন, পুরনো বন্ধুবা ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে খেলা দেখবেন। সেই শখ পূরণ হল কই?