Advertisement
E-Paper

অনুষ্কাশঙ্করের সঙ্গে এক মঞ্চে অরিজিৎ, অনুষ্ঠান শুরুর আগে শুভেচ্ছা জানালেন আমির-আয়ুষ্মান?

আমিরের ছবি ‘এক দিন’-এ গাইলেন অরিজিৎ। সেই কারণেই জিয়াগঞ্জে এসেছিলেন তিনি। গুঞ্জন, অরিজিতের ছবিতেও নাকি তাঁকে দেখা যেতে পারে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৪
অনুষ্কাশঙ্কর এবং আমির খানের সঙ্গে অরিজিৎ সিংহ।

অনুষ্কাশঙ্কর এবং আমির খানের সঙ্গে অরিজিৎ সিংহ। ছবি: সংগৃহীত।

রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্কাশঙ্কর-অরিজিৎ সিংহের যুগলবন্দি। ছবির গান থেকে বিরতি নেওয়ার পরে এই প্রথম মঞ্চানুষ্ঠানে গায়ক। তার আগেই অরিজিতের ভ্যানিটি ভ্যানের অন্দরে ঘটে গিয়েছে আরও এক ঘটনা। খবর, সেখানে নাকি তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন আমির খান, আয়ুষ্মান খুরানা!

মঞ্চানুষ্ঠান শুরু হতে তখনও কিছুটা সময় বাকি। দর্শক-শ্রোতা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার আগেই কানাঘুষো শোনা গিয়েছে, অরিজিৎ অনুষ্ঠানে যোগ দেবেন। নির্দিষ্ট সময়ে ঘড়ির কাঁটা ছুঁতেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আচমকা ব্যস্ততা। উদ্যোক্তারা চঞ্চল, অরিজিৎ এসে গিয়েছেন। কিছু ক্ষণের মধ্যে সেই ব্যস্ততা বেড়ে দ্বিগুণ! ‘কেদারা’, ‘গৃহপ্রবেশ’, ‘পুতুলনাচের ইতিকথা’ -খ্যাত প্রযোজক সমীরণ দাস অনুষ্ঠানের উদ্যোক্তাদের অন্যতম। তিনি আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “মূল উদ্যোক্তাদের তরফ থেকে আমাকে জানানো হল, আমির খান এসেছেন। তিনি ভ্যনিটি ভ্যানে অরিজিতের সঙ্গে বসে।” নিরাপত্তা ব্যবস্থাও চোখের পলকে আরও আঁটোসাঁটো।

সমীরণ আরও জানিয়েছেন, কড়া নিরাপত্তার জন্য তিনি ভ্যানিটি ভ্যানের ভিতরে পা রাখতে পারেননি। নামপ্রকাশে অনিচ্ছুক আরও এক উদ্যোক্তার দাবি, অভিনেতা শুভেচ্ছা জানাতে এসেছিলেন গায়ককে। বেশি ক্ষণ থাকেননি। খুব অল্প সময় থেকেই বেরিয়ে যান। তাঁর সঙ্গে সেই সময় ছিলেন আয়ুষ্মান। পুরোটাই কড়া নিরাপত্তার মধ্যে অত্যন্ত দ্রুত ঘটে যাওয়ায় দর্শক-শ্রোতা টের পাননি।

এ দিকে সোমবার সকালে আমির খানের প্রযোজনা সংস্থা একটি বার্তা দিয়েছে। বার্তায় জানা গিয়েছে, অভিনেতার আগামী ছবি ‘এক দিন’-এ অরিজিতের কণ্ঠ শোনা যাবে। গান রেকর্ডিংয়ের জন্যই আমির গায়কের বাড়িতে ছিলেন। এই সম্ভাবনার কথা অবশ্য আনন্দবাজার ডট কম আগেই জানিয়েছিল। একা আমির নন, এর আগে শান্তিনিকেতনে বিশাল ভরদ্বাজ এসেও একই ভাবে নিজের ছবির জন্য অরিজিতের গান রেকর্ড করে নিয়ে গিয়েছেন। এ-ও শোনা যাচ্ছে, অরিজিতের প্রথম হিন্দি ছবিতে নাকি ‘অতিথি’ চরিত্রে দেখা যেতে পারে আমিরকে। চলতি মাসের শেষে বোলপুরে ফের ছবির শুটিং শুরু করবেন অরিজিৎ। তখন আমির আবার আসেন কি না, সেটাই দেখার।

Aamir Khan Arijit Singh Anoushka Shankar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy