Advertisement
E-Paper

‘সহজে এই পদ পাইনি’, লড়াই করে ফোরামের কোষাধ্যক্ষ! মুখ খুললেন বাসবদত্তা চট্টোপাধ্যায়

সামান্য কিছু অদলবদল ঘটেছে সদস্যপদে। যেমন, গত বছর কোষাধ্যক্ষ ছিলেন সোহন বন্দ্যোপাধ্যায়। এ বছর সেই পদে বাসবদত্তা চট্টোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৬
লড়াই করে জিতলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়।

লড়াই করে জিতলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

রবিবার অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচন। খবর, সামান্য কিছু রদবদল ঘটিয়েছে এ বারের নির্বাচন। যেমন, আগামী এক বছরের জন্য কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। আনন্দবাজার ডট কম-কে তিনি জানিয়েছেন, লড়াই করে তাঁকে এই জায়গায় পৌঁছোতে হয়েছে।

গত দু’বছর ধরে আর্টিস্ট ফোরামের কয়েকটি পদ নির্দিষ্ট। যেমন, সভাপতি এবং কার্যকরী সভাপতিপদে এ বছরেও থাকছেন যথাক্রমে রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ বছরেও সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। অনেক বছর পরে এই নির্বাচনের মাধ্যমে ফোরামে ফিরলেন দেবদূত ঘোষ। তিনি এবং আবীর চট্টোপাধ্যায় সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন। লক্ষণীয় ভাবে এ বছর জিৎ কোনও পদে নেই! একই ভাবে নেই দেব, রাজ চক্রবর্তী-সহ টলিউডের বহু তারকা।

কথায় কথায় বাসবদত্তা জানিয়েছেন, এই প্রথম তিনি নির্বাচনের মাধ্যমে কোষাধ্যক্ষপদ পেলেন। বিষয়টি তাঁর কাছে তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “এই পদের প্রার্থী হিসাবে নাম দিই। আমায় সহযোগিতা করেছেন শান্তিলালদা, শঙ্কর চক্রবর্তীদা, কাকা ভাস্কর চট্টোপাধ্যায়, অয়ন প্রমুখ। এটা বলতে পারি, খুব সহজে এই পদ পাইনি।” সোমবার ভোর সাড়ে তিনটেয় গণনা শেষ হয়। অভিনেত্রী জানিয়েছেন, সাদা কাপড়ের ঘেরাটোপের মধ্যে রাতভর ভোটগণনা চলেছে। দেখে মনে হচ্ছিল, যেন আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে! বাসবদত্তাকে দায়িত্ব সামলাতে সহযোগিতা করবেন ছোটপর্দার আর এক জনপ্রিয় অভিনেতা দিগন্ত বাগচী।

নতুন পদ, কাঁধে অনেক দায়িত্ব। বাসবদত্তা নিজেকে কী ভাবে প্রস্তুত করছেন? অভিনেত্রীর কথায়, “শিল্পীদের জন্য মেডিক্লেমের ব্যবস্থা ছিল। সেটা বন্ধ হয়ে গিয়েছে। খুব ইচ্ছা, ওই প্রকল্প আবার চালু করার। পাশাপাশি, যা যা করব, সবটাই আগে সংগঠনের বর্ষীয়ানদের জানিয়ে নেব।” এ বছর সহ-সভাপতি পদে থাকছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, শাশ্বত চট্টোপাধ্যায়, ভরত কল। কার্যকরী কমিটিতে রয়েছেন কুশল চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, সুদীপ মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।

Basabdatta Chatterjee Shantilal Mukherjee Ranjit Mallick Prosenjit Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy