জয়া বচ্চনের সঙ্গে ছবিশিকারিদের সম্পর্ক যে আদায় কাঁচকলায়, সে কথা এখন প্রায় সকলের জানা। তিনি সরাসরি ‘পাপারাৎজ়ি’ সংস্কৃতির বিরোধিতা করেছেন, এমনকি তাঁদের শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন। জয়ার সঙ্গে ছবিশিকারিদের এমন সম্পর্ক কি নাতি অগস্ত্য নন্দের কর্মজীবনে কোনও কুপ্রভাব ফেলতে পারে?
আরও পড়ুন:
বর্তমানে মুম্বইয়ে তারকা তৈরির ক্ষেত্রে পাপারাৎজ়িদের ভূমিকা নেহাত কম নয়। তাঁরা সর্বক্ষণ অভিনেতা-অভিনেত্রীদের নিয়েই ব্যস্ত। যত বেশি কাউকে দর্শক সমাজমাধ্যমে দেখবে, তত বেশি তিনি প্রাসঙ্গিক হবেন। আর এতেই আপত্তি জয়ার। তবে অভিনেত্রী জানান, তাঁর সঙ্গে আলোকচিত্রীদের যেমনই সম্পর্ক হোক না কেন, তার প্রভাব একেবারেই অগস্ত্যের উপর পড়বে না।
জয়ার কথায়, ‘‘অগস্ত্যের যদি তারকা হওয়ার থাকে, কোনও শক্তি ওকে আটকাতে পারবে না। ১৫ বছর অমিতজিকে (অমিতাভ বচ্চন) নিষিদ্ধ করেন ছবিশিকারিরা। তাতে কি অমিতজির খ্যাতি কমেছে? আর অগস্ত্যের নিজস্ব রসায়ন রয়েছে ছবিশিকারিদের সঙ্গে।’’
জয়ার সাফ কথা, তিনি কখনওই নাতি-নাতনিদের প্রশংসা করেন না। তবে অগস্ত্য সকলের থেকে আলাদা। জয়ার কথায়, ‘‘আসলে ও যে কোনও জিনিস খুব তাড়াতাড়ি শিখতে পারে। ওর বাবা-মা কেউ অভিনেতা নন। নিজের মামা ও আমাদের দেখেই শেখা। ওর মধ্যে একটা জেদ দেখতে পাই। আমার হৃদয়ে ওর জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। ও খানিকটা আমার মতো।’’