অভিনেতা রাম কপূরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ‘লক আপ’ নামের একটি রিয়্যালিটি অনুষ্ঠানে। সেখানে দিনকয়েকের মধ্যে বিতর্কে জড়ালেন তিনি। অভিনেতার একটি মন্তব্য ঘিরে শোরগোল।
রাম জানান, প্রতারণা কোনও ভাবেই বিয়ে ভাঙার কারণ হতে পারে না। অভিনেতা মনে করেন, কোনও দম্পতি একে অপরকে ভালবাসলেও, কেউ ভুলবশত প্রতারণা করে ফেলতেই পারে। রামের এমন মন্তব্যে সমাজের বিভিন্ন স্তরে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নতুন করে বিতর্কে জড়িয়েছেন রাম। এ বার অবশ্য রামকে মুখোমুখি হতে হচ্ছে কঙ্গনা রনৌতের।
‘লক আপ’-এর প্রথম পর্বে সঞ্চালনার দায়িত্বে ছিলেন কঙ্গনা। এ বছর সেই দায়িত্ব ফরাহ খান ও রিতেশ দেশমুখের হাতে। তবে অনুষ্ঠানের আসন্ন ‘জাজমেন্ট ডে’ পর্বে রামকে দেখা যাচ্ছে কঙ্গনার চাঁছাছোলা বক্তব্যের মুখোমুখি হতে। আসলে দর্শকের কণ্ঠ হয়ে এই অনুষ্ঠানে যান কঙ্গনা। সপ্তাহ জুড়ে প্রতিযোগীদের পর্যালোচনার ঝাড়াইবাছাই পর্বের দায়িত্বেও রয়েছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে, নিজস্ব ভঙ্গিমায় অভিনেতাকে কড়া ভাষায় আক্রমণ করছেন কঙ্গনা।
এই অনুষ্ঠানে রামের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা। প্রোমোতে আরও দেখা যাচ্ছে, অনুষ্ঠানে রামের আচরণের তীব্র সমালোচনা করেছেন তিনি। শুধু তা-ই নয়, কেন এই শোয়ে যোগ দিয়েছেন, সেই উত্তরও চেয়েছেন রামের কাছে। কঙ্গনা বলেন, “রাম যদি মন দিয়ে খেলাটা না খেলেন, আর যদি মনে হয় এই শো তাঁর জন্য নয়, তা হলে এখানে এসেছেন কেন? আপনি কি নিজেকে বড্ড বড় ভেবে ফেলেছেন?” প্রত্যুত্তরে রাম বলেন, “সঠিক সময়ে আমিও আমার সত্যিটা সবার সামনে প্রকাশ করব। এখানে উপস্থিত অনেকের থেকে সেটা আমি অনেক ভাল ভাবে করতে পারি।”
রামের কথা শেষ হওয়ার আগেই কঙ্গনা তাঁকে থামিয়ে দিয়ে বলেন, “যদি সত্যিই উন্নতি করতে চান, তা হলে এ ভাবে নিজের হয়ে সাফাই দেবেন না।”