বলিউডে শাহরুখ খানের সঙ্গে কর্ণ জোহরের বন্ধুত্ব নিয়ে বরাবর আলোচনা হয়ে আসছে। সেই বন্ধুত্বে হঠাৎ জমেছে মেঘ? কী হল কর্ণের যে, তিনি ইনস্টাগ্রামে ‘আনফলো’ করলেন দীর্ঘদিনের বন্ধু শাহরুখকে? শুধু শাহরুখই নন। তাঁর স্ত্রী অর্থাৎ গৌরী খানকেও ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন কর্ণ। কিন্তু কেন? কারণ নিজেই জানিয়ে দিলেন বলিউড পরিচালক-প্রযোজক।
বলিউডে কর্ণের ভাল বন্ধুর তালিকায় রয়েছেন করিনা কপূর খান, কাজলরাও। কর্ণের ছত্রছায়ায় থাকেন আলিয়া ভট্ট, নিন্দকেরা এমনই বলেন। সেই আলিয়াকেও আর সমাজমাধ্যমে অনুসরণ করছেন না কর্ণ। বলিউডের প্রথম সারির তারকা দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ, ভিকি কৌশল, সিদ্ধার্থ মলহোত্রকেও ‘আনফলো’ করেছেন কর্ণ। তবে সবাইকে ‘আনফলো’ করলেও একমাত্র প্রিয়ঙ্কা চোপড়াকে ‘ফলো’ করছেন কর্ণ। যদিও প্রিয়ঙ্কা কিন্তু কর্ণের অতিঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় কখনওই ছিলেন না। বরং কিছুটা দূরত্বই ছিল বরাবর। কিন্তু প্রিয়ঙ্কাই একমাত্র বলি তারকা, যাঁকে ‘ফলো’ করছেন প্রযোজক। কেন এমন করলেন কর্ণ? সেই প্রশ্ন উঠছে।
জল্পনা শুরু হতেই দীর্ঘ বিবৃতি দিয়েছেন কর্ণ নিজেই। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “সবটাই ‘ডিজিটাল ডিটক্স’-এর জন্য। ইনস্টাগ্রামে যে পরিমাণ শক্তি ও সময় ব্যয় হয়, তা বাঁচাতে আমি সবাইকে আনফলো করছি।” বিষয়টি নিয়ে মাতামাতি না করার কথাও বলেছেন কর্ণ। তবে এক নেটাগরিকের কথায়, “শাহরুখ ও আলিয়াকে ‘আনফলো’ করলে যে তা নিয়ে আলোচনা হবে, সেটা কর্ণ ভালই জানেন। আর সেটা চাইছিলেন বলেই তিনি ‘আনফলো’ করেছেন। দৃষ্টি আকর্ষণ করার জন্যই এ সব করেছেন। এখন মাতামাতি করতে নিষেধ করছেন। আর শাহরুখও ‘ফলো’ করেন না কর্ণকে। সমাজমাধ্যমে ওঁদের বন্ধুত্ব দেখানোর কোনও প্রয়োজন নেই।”
কিছু দিন আগেই বলি তারকাদের সঙ্গে জন্মদিন পালন করেছেন কর্ণ। আর তার ঠিক পরেই সমাজমাধ্যমে ‘আনফলো’ করেছেন বন্ধুদের। তাই বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, “এক নতুন ‘সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি’র কারণে কর্ণ সবাইকে ‘আনফলো’ করেছেন। এর মধ্যে কোনও ব্যক্তিগত বিষয় নেই।”