Advertisement
E-Paper

এত দিন বিদ্ধ হয়েছেন অভিযোগে! এ বার স্বজনপোষণ নিয়েই নতুন অনুষ্ঠান আনছেন কর্ণ জোহর

‘স্বজনপোষণ’। কয়েক বছর আগে পর্যন্তও এই শব্দবন্ধের সঙ্গে তেমন পরিচিতি ছিল না সাধারণ মানুষের। এখন সবার মুখে মুখে ঘোরে এই লব্জ। বলিপাড়ার এই বহুলচর্চিত বিষয় নিয়েই অনুষ্ঠান বানাতে চলেছেন কর্ণ জোহর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ১৯:৩৭
Karan Johar’s upcoming show named Showtime is reportedly about nepotism in Bollywood.

কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম নামজাদা ও জনপ্রিয় প্রযোজক-পরিচালক তিনি। পরিচালনার মাধ্যমের বিনোদন দুনিয়ায় পা রাখলেও এখন বলিপাড়ার তাবড় প্রযোজকদের তালিকায় নাম তাঁর। মায়ানগরীর বেশির ভাগ তারকাসন্তানের রুপোলি পর্দায় অভিষেক ঘটে তাঁর হাত ধরে। তিনি কর্ণ জোহর। আলিয়া ভট্ট, বরুণ ধওয়ান, জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডের মতো তারকাসন্তানেরা তাঁর ছবির মাধ্যমেই বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছেন। মেধার ভিত্তিতে বহিরাগতদের সুযোগ দেওয়ার বদলে বলিপাড়ার অন্দরের তারকাসন্তানদের প্রতিই বেশি নজর দেন কর্ণ, তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে বার বার। এ বার খবর, স্বজনপোষণের এই বিষয় নিয়েই নতুন একটি অনুষ্ঠান করতে চলেছেন তিনি।

কয়েক বছর আগে পর্যন্তও ‘স্বজনপোষণ’ শব্দবন্ধটি নিয়ে তেমন চর্চা হয়নি বলিউডে। ২০১৭ সালে ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এসে রসিকতার ছলেই কর্ণের বিরুদ্ধে মুখ খোলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডে স্বজনপোষণের ধারক ও বাহক তিনি, কর্ণের বিরুদ্ধে অভিযোগ করেন কঙ্গনা। তার পর থেকে একাধিক বার এই অভিযোগে জর্জরিত হয়েছেন কর্ণ। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি এ কথাও জানিয়েছেন যে, তারকাসন্তানদের মধ্যে সম্ভাবনা দেখে তবেই তাঁদের সুযোগ দেন তিনি। তা ছা়ড়াও কর্ণের দাবি, তিনি নিজের ছেলেমেয়েকে তো সুযোগ দিচ্ছেন না। অন্য কারও সন্তানকে মঞ্চ তৈরি করে দিচ্ছেন যাতে তাঁরা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন। তার পরেও থামেনি বিতর্ক। এ বার এই বিতর্কিত বিষয় নিয়েই অনুষ্ঠান শুরুর সিদ্ধান্ত কর্ণের। অনুষ্ঠানের নাম ‘শোটাইম’। সম্প্রতি এক অনুষ্ঠানে কর্ণের এই নতুন উদ্যোগের কথা ঘোষণাও করেন সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের এক কর্তা।

গত বছর সেপ্টেম্বর নাগাদই কানাঘুষো শোনা গিয়েছিল ‘শোটাইম’-এর। যদিও কবে থেকে শুরু হতে চলেছে এই অনুষ্ঠান, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। খবর, খুব শীঘ্রই শুটিং শুরু করতে চলেছেন কর্ণ। তবে তার আগে মুক্তি পেতে চলেছে ‘কফি উইথ কর্ণ’-এর নতুন সিজ়ন।

Karan Johar Koffee With Karan ott Nepotism OTT platform
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy