সুইৎজ়ারল্যান্ডের বিলাসবহুল এক হোটেল। করিডরে দাঁড়িয়ে করিনা কপূর। শ্যাওলা রঙের এক জমকালো গাউনে রানির ভঙ্গিমায় ধরা দিলেন অভিনেত্রী। গাউনের এক পাশ চেরা। ঊরু থেকে পায়ের পাতার সবটুকুই উন্মুক্ত তাঁর। ত্বকের গোলাপি আভা গাউনের সবুজের বিপ্রতীপে মোহাবেশ তৈরি করতে পারে। দু’পাশের হলুদ দেওয়ালে তারই বিচ্ছুরণ। সেই ছবি দিয়ে করিনা জানালেন, নতুন বছরের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন।
কী কী নতুন আসতে চলেছে তাঁর জীবনে?
বর্ষবরণের আগেই ছুটি কাটাতে সপরিবার সুইৎজ়ারল্যান্ডে উড়ে গিয়েছেন করিনা। সইফ আলি খান, তৈমুর আর জহাঙ্গিরকে নিয়ে বছরশেষের সূর্যোদয় থেকে সূর্যাস্ত সবটুকু উপভোগ করেছেন। সেই সঙ্গে গুছিয়ে নিয়েছেন নিজেকেও। তাঁর ছবি দেখে হৃদয় এঁকে দিয়েছেন পোশাকশিল্পী মনীশ মলহোত্র। এক অনুরাগী লিখেছেন, “কী অপূর্ব! বয়স যত বাড়ছে রূপও তত ফেটে পড়ছে বেবোর। কোনও রকম অস্ত্রোপচার কিংবা বোটক্স ছাড়াই তিনি সুন্দর।”
ছোট ছেলে জহাঙ্গিরের জন্মের পর এই প্রথম পারিবারিক ভ্রমণ। দিন কয়েক আগেই এই সফরের আরও কয়েকটি ছবি পোস্ট করেছিলেন করিনা। বরফের উপত্যকায় স্কি করার তালিম নিতে দেখা গিয়েছে তাঁকে। সে ছবির ক্যাপশনে লেখা ছিল, “এ ভাবেই বেয়ে বেয়ে ২০২৩-এ পৌঁছে যাব।”
যদিও ২০২৩ সাল এসে পড়ল। হাতভর্তি কাজ অভিনেত্রীর। হন্সল মেহতার পরবর্তী ছবিতে দেখা যাবে করিনাকে। জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ অবলম্বনে তৈরি হচ্ছে সেই ছবি।