সকালে শুটিং। রাতে পড়াশোনা। দিনে তিন-চার ঘণ্টা ঘুম। গত কয়েক মাস এমনই ছিল অভিনেত্রী তনিষ্কা তিওয়ারির রুটিন। ‘কুসুম’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তাকে এখন প্রায় অনেকেই চেনেন। সকলের কাছে কুসুম নামেই পরিচিত সে। সদ্য দশম শ্রেণির পরীক্ষা দিয়েছে সে। ইতিমধ্যেই বেরিয়েছে দশম শ্রেণির ফল। কেমন নম্বর পেল কুসুম?
অভিনেত্রী সারা দিন শুটিংয়ে ব্যস্ত। মাধ্যমিক পরীক্ষার পরে সবাই যেমন ছুটি উপভোগ করে, সেই সুযোগই তেমন পায়নি সে। কারণ, পরীক্ষা শেষ হলেও শুটিং চলছিল। কুসুম ওরফে তনিষ্কার মা মৌমিতা তিওয়ারি বললেন, “মেয়ে মাধ্যমিকে ৭৯ শতাংশ নম্বর পেয়েছে। আমরা খুব খুশি। আমিই বেশি ভয় পাচ্ছিলাম। কিন্তু ও যে ভাল নম্বর পেয়েছে, সেটা দেখেই শান্তি পেয়েছি।”
তনিষ্কার মা জানিয়েছেন, আগামী দিনে খুদে অভিনেত্রী ‘ফিল্ম স্টাডিজ়’ নিয়ে পড়াশোনা করতে চায়। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে কলাবিভাগেই পড়াশোনা করবে সে। এত দিন যে স্কুলে পড়াশোনা করেছে তনিষ্কা, বাকি দু’বছরও সেখানেই পড়াশোনা করবে। নতুন ক্লাসে ভর্তি হয়ে গিয়েছে সে। অভিনেত্রীর মা যোগ করেন, “অনেকেই আমাকে অনেক কথা শুনিয়েছে। মেয়ে ধারাবাহিক করে পড়াশোনা কী করে করবে? অনেকে প্রশ্ন করেছে। তাই ওর রেজ়াল্ট বেরোনোর পরে একটু শান্তি পেয়েছি।” শীঘ্রই নতুন ক্লাস শুরু হবে তনিষ্কার।