Advertisement
E-Paper

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন সেরিনা, ইংল্যান্ডের প্রতিযোগিতায় খেলবেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী

চার বছর পর আবার টেনিস কোর্টে ফিরতে চলেছেন সেরিনা উইলিয়ামস। আমেরিকার টেনিস খেলোয়াড় সোমবার জানিয়ে দিয়েছেন, চলতি মাসে ইংল্যান্ডের কুইন্স চ্যাম্পিয়নশিপে খেলবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২৩:০৩
sports

সেরিনা উইলিয়ামস। — ফাইল চিত্র।

চার বছর পর আবার টেনিস কোর্টে ফিরতে চলেছেন সেরিনা উইলিয়ামস। আমেরিকার টেনিস খেলোয়াড় সোমবার জানিয়ে দিয়েছেন, চলতি মাসে ইংল্যান্ডের কুইন্স চ্যাম্পিয়নশিপে খেলবেন তিনি। দীর্ঘ দিন বাদে প্রথম সারির একটি প্রতিযোগিতায় নামতে চলেছেন তিনি। তর্কাতীত ভাবে সর্বকালের অন্যতম সেরা মহিলা ক্রীড়াবিদ কুইন্সে ডাবলস বিভাগে খেলবেন কানাডার তরুণী ভিক্টোরিয়া এমবোকোর সঙ্গে জুটি বেঁধে।

২০২৩-এর ইউএস ওপেনের পর আবার কোর্টে ফিরতে চলেছেন সেরিনা। সে বার তৃতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন তিনি। পরে ডাবলসের প্রথম রাউন্ডে ছিটকে যান। তার ঠিক আগের বছর, অর্থাৎ ২০২২-এর সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে সেরিনা জানিয়েছিলেন, তিনি টেনিস থেকে দূরে কী ভাবে জীবন কাটাবেন তা নিয়ে ভাবনা শুরু করেছেন। আনুষ্ঠানিক ভাবে অবসর না নিলেও অনেকেই ভেবেছিলেন সেরিনার টেনিসজীবন শেষ।

সেরিনার দিদি ভিনাস এখনও টেনিস খেলে চলেছেন। তবে ৪৪ বছরের সেরিনাকে নিয়ে অন্য একটি জল্পনা চলছে। তিনি উইম্বলডনে খেলেন কি না সে দিকে নজর রয়েছে অনেকের। সেরিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। তিনি আন্তর্জাতিক পরীক্ষা সংস্থার (আইটিএ) ডোপ-বিরোধী বিভাগকে চিঠি লিখেছিলেন। কোনও খেলোয়াড় দীর্ঘ দিন বাদে আবার খেলতে নামলে অন্তত ছ’মাস আগে আইটিএ-কে জানাতে হয়।

সেরিনা বলেছেন, “পরবর্তী অধ্যায় শুরু করার জন্য কুইন্স ক্লাব নিখুঁত জায়গায়। জীবনের স্মরণীয় মুহূর্তগুলো কাটিয়েছি ঘাসের কোর্টে খেলে। টেনিসের ঐতিহ্যশালী একটা মঞ্চে আবার ফিরতে পেরে আমি গর্বিত।”

Serena Williams Tennis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy