তিনি পুরুষ। পেশায় চিকিৎসক। তবে এত দিন নাকি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকত বিধবা ভাতা। সেই অভিযোগে গ্রেফতার হলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার এক হোমিওপ্যাথি চিকিৎসক।
ধৃতের নাম অমলেন্দুবিকাশ মণ্ডল। বয়স ৬৫। পুলিশ সূত্রে খবর, গত দু’বছর ধরে বিধবা ভাতার টাকা পাচ্ছিলেন তিনি। গ্রেফতারির পর সোমবার তাঁকে মেদিনীপুর জেলা আদালতে সিজেএম কোর্টে হাজির করানো হয়। বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পিংলা থানা এলাকার ক্ষিরাই গ্রাম পঞ্চায়েতের যশরাজপুর গ্রামে বাড়ি অমলেন্দুর। পুরুষ হয়ে কী ভাবে বিধবা ভাতা পেতেন তিনি, উঠছে প্রশ্ন। যদিও অমলেন্দুর দাবি, ২০২২ সালে তিনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তার পরে অ্যাকাউন্টে কী ভাবে বিধবা ভাতার টাকা এল, তা তিনি জানেন না। এ-ও দাবি করেন, বিষয়টি নজরে আসতেই স্থানীয় পঞ্চায়েতের সদস্যদের জানান। কিন্তু তার পরেও তাঁরা আমল দেননি। অমলেন্দুর দাবি, পঞ্চায়েত সদস্যদের উদাসীনতার খেসারত দিতে হচ্ছে তাঁকে।
যদিও পঞ্চায়েত সদস্য আশীষ মাইতি বলেন, ‘‘বিষয়টি সম্পর্কে কিছু জানা নেই।’’ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি বিধায়ক স্বাগতা মান্না বলেন, ‘‘তৃণমূলের চুরির অভ্যাসে লিঙ্গের ধারণাই ভুলে গিয়েছে।’’ ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘লক্ষ্মীছেলে’-র খোঁজ মিলতে শুরু হয়েছে। অভিযোগ, পুরুষ হয়েও ‘লক্ষ্মীর ভান্ডারের’ টাকা নিতেন অনেকে। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি প্রকাশ্যে আনেন। বহরমপুরের রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তির কথা উল্লেখ করে জানান, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছিল তাঁর অ্যাকাউন্টে। ঘটনার তদন্তে নেমে মুর্শিদাবাদ জেলাতেই আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ একই। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সেই ‘লক্ষ্মীছেলে’দের কথা জানান শুভেন্দু। তিনি জানান, ‘‘এটা অনেক বড় সংখ্যা হবে। পুলিশকে তদন্তের গতি আরও বাড়াতে বলেছি। এই সংখ্যাটা কত হবে আমি জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পেতেনই, তা ছাড়া হাজার হাজার তৃণমূল নেতা মহিলা না-হয়েও লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছিলেন। যাঁরা লক্ষ্মীর ভান্ডারের টাকা লুট করছেন, তাঁদের কাউকে ছাড়ব না। আমি ডিজিপি-কে বলেছি সিট গঠন করতে।’’ সেই আবহে এ বার পুরুষ হয়েও বিধবা ভাতা নেওয়ার অভিযোগ প্রকাশ্যে এল।