Advertisement
E-Paper

এ বার ‘দ্য কেরালা স্টোরি’র পাশে হাই কোর্ট! ‘পাইরেসি’ আটকাতে নতুন কী নির্দেশ জারি করা হল?

ছবিমুক্তির পরেই সেই ছবির ‘পাইরেসি’ ভিডিয়ো পাওয়া যায় নানা জায়গায়। এতে ছবির বাণিজ্যে ক্ষতি। আটকাতে কী ব্যবস্থা নিচ্ছে আদালত?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৪:২৪
‘কেরালা স্টোরি ২’ কোন বিষয়ে মাদ্রাজ হাই কোর্টের সমর্থন পেল?

‘কেরালা স্টোরি ২’ কোন বিষয়ে মাদ্রাজ হাই কোর্টের সমর্থন পেল? ছবি: সংগৃহীত।

ছবিমুক্তির আগে একাধিক কারণে ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ় বিয়ন্ড’ পাশে পায়নি আদালতকে। বাণিজ্যিক স্বার্থরক্ষার ক্ষেত্রে এ বার সেই ছবির পাশে এসে দাঁড়াল দেশের আইন। খবর, ছবির ‘পাইরেটেড’ ভিডিয়ো যাতে টেলিভিশন অপারেটরেরা কোনও ভাবে না দেখান, তার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে মাদ্রাজ হাই কোর্ট। অন্তর্বতীকালীন আদেশ অনুযায়ী, আগামী ২৩ মার্চ পর্যন্ত ইন্টারনেট বা কেব্‌লে কোনও ভাবেই দেখানো যাবে না ছবিটি।

ইদানীং কোনও ছবি মুক্তি পাওয়ামাত্র সেই ছবির ‘পাইরেসি’ ভিডিয়ো ছড়িয়ে পড়ে সর্বত্র। এতে ছবির বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। স্বল্প মূল্যে সেই ছবি দেখতে পাওয়া যায় বলে, টিকিট কেটে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে চান না দর্শক। সদ্য মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি ২’-ও যাতে এই সমস্যায় না পড়ে, তার জন্য প্রযোজক দু’টি আবেদন জমা দিয়েছিলেন মাদ্রাজ হাই কোর্টে। খবর, মঙ্গলবার বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তি তারই প্রেক্ষিতে এই নির্দেশ জারি করেন। তিনি জানান, হলমুক্তির সময় ছবির কপিরাইট লঙ্ঘিত হতে পারে, এই আশঙ্কায় প্রযোজনা সংস্থা আদালতের দ্বারস্থ হয়েছিল। বিষয়টির গুরুত্ব বিবেচনা করেই তিনি প্রযোজকের দু’টি আবেদনই মঞ্জুর করেছেন। আরও জানিয়েছেন, প্রযোজক ছবির স্বত্ব মালিকানা দাবির পক্ষে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর শংসাপত্র জমা দিয়েছেন। শংসাপত্রে আবেদনকারীকে প্রযোজক হিসাবে বর্ণনা করা হয়েছে, যা আদালত প্রাথমিক প্রমাণ হিসাবে গ্রহণ করেছে।

বিচারপতির মতে, “‘পাইরেসি’ ভিডিয়ো আদতে যে কোনও ছবির বাণিজ্যের পক্ষেই ক্ষতিকর। বেআইনি সম্প্রচার না আটকানো গেলে সেই ছবি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।” সে ক্ষেত্রে বেআইনি সম্প্রচারকারীকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হতে পারে। হাই কোর্ট আপাতত ২৩ মার্চ পর্যন্ত এই নির্দেশ জারি করেছে। ওই দিনই পরবর্তী শুনানি হবে।

Madras High Court Kerala Story 2
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy