১২ বছরের ছোট প্রেমিককে নিয়ে সুখেই আছেন মালাইকা অরোরা। অন্য দিকে, মডেল তথা নৃত্যশিল্পী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আরবাজ় খান। ৪ বছরের সম্পর্ক ভেঙে গেল এই সদ্য, এমনই খবর বলিপাড়ায়। সে নিয়ে নাকি মুষড়ে পড়েছেন অভিনেতা। মালাইকা কি এখন পাশে থাকতে চান? প্রাক্তন দম্পতির মধ্যে রসায়ন এখন ঠিক কেমন? এক অনুষ্ঠানে জানতে চাইলেন কর্ণ জোহর।
মালাইকার সাফ জবাব, “সত্যি বলতে কি, আমাদের সম্পর্কটা এখন অনেক ভাল বলেই মনে হয়।” কর্ণ আর একটু গভীরে গিয়ে জানার চেষ্টা করলেন, “আরবাজের প্রেম ভেঙে যাওয়ার পর ওকে সান্ত্বনা দেওয়ার কথা মনে হয়েছে কি?” মালাইকা এ বারও খানিক অপ্রস্তুত হয়ে বললেন, “আমি ঠিক সে ধরনের মানুষ নই। কারও ব্যক্তিগত বিষয়ে ঢুকি না। এমনকি, আমার ছেলে আরহানের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ দেখাই না।”
আরও পড়ুন:
এর পরই সেই দুর্ঘটনার কথা তোলেন কর্ণ। চলতি বছরের শুরুতে পথ দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন মালাইকা। গাড়িতে ধাক্কা লেগে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল অভিনেত্রীকে। তবে অস্ত্রোপচারে তাঁকে সুস্থ করে তোলেন চিকিৎসকরা। কিন্তু চিন্তা ছিল অভিনেত্রীর, আবার দেখতে পাবেন তো? যে দিন ব্যান্ডেজ খোলা হয়, হাসপাতালের শয্যায় শুয়ে প্রথম যাঁকে দেখেন, তিনি আরবাজ় খান। তাঁদের মধ্যে নিভৃত কথোপকথনে কিছুটা সুস্থ বোধ করেছিলেন অভিনেত্রী, সে কথা স্বীকার করেছিলেন নিজমুখেই। তাঁর কথায়, “মুহূর্তের জন্য মনে হয়েছিল, আগের সময়ে ফিরে গিয়েছি। পরিবার এখন আরবাজ় আর আরহান।” সেই উপলব্ধি আতঙ্কের মুহূর্তে শান্তি দিয়েছিল বলেই জানান অভিনেত্রী।
চলতি বছর ২ এপ্রিল মহারাষ্ট্রের খপলির এক রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছিল। পুণে থেকে মুম্বই ফেরার পথে দুমড়েমুচড়ে গিয়েছিল মালাইকার রেঞ্জ রোভার গাড়ি। তবে গাড়িতে তিনি একাই ছিলেন।