‘মাইকেল’ ছবিটি প্রয়াত শিল্পী মাইকেল জ্যাকসনের জীবন সম্পর্কে নতুন কী তথ্য তুলে ধরতে পেরেছে? এই নিয়ে নানা মুনির নানা মত। ছবিটি যে প্রথম দিন থেকে ভাল ব্যবসা করেছে, তা নিয়ে দ্বিমত নেই। খবর, মুক্তির দিনেই বিশ্ব জুড়ে ১৮০০ কোটি টাকার ব্যবসা করেছে প্রয়াত গায়কের জীবনীছবিটি।
এ দিকে খবর, তাতেও নাকি সন্তুষ্ট নয় মাইকেল জ্যাকসনের পরিবার। তাঁরা ছবিটি থেকে আরও উপার্জন বাড়াতে চান। তার জন্যই তাঁরা নাকি ‘থ্রিলার ট্যুর’-এর আয়োজন করতে চলেছেন!
এই খবর প্রকাশ্যে আসার পরেই গায়কের পরিবারের পক্ষ থেকে তীব্র ক্ষোভ জানিয়েছেন মাইকেল জ্যাকসনের ভাইপো তাজ জ্যাকসন। তিনি খবরটিকে ভুয়ো বলে দাবি করেছেন। এ-ও জানিয়েছেন, খবরটি নাকি ‘আপন মনের মাধুরী মিশায়ে’ পরিবেশন করেছেন সাংবাদিক। এ রকম কিছুই ঘটছে না। তাজের কথায়, “অযথা মাইকেল জ্যাকসনের পরিবারকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। যা রটেছে, তার কিছুই ঘটছে না।” ছবির থেকে আয় বাড়াতে আলাদা করে কোনও ‘থ্রিলার ট্যুর’-এর আয়োজনও করা হচ্ছে না। সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের কাছে তাঁর অনুরোধ, “জ্যাকসন পরিবারকে ছেড়ে দিন আপনারা। আমাদের একা থাকতে দিন।”
প্রসঙ্গত, ‘মাইকেল’ নিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ছবিটি তাঁদের মনোরঞ্জন করেছে বলেই খবর। যদিও দর্শকের একাংশের দাবি, ছবিটি মাইকেলের জীবনের উপরে নতুন কোনও আলো ফেলতে পারেনি। যোগ করতে পারেনি নতুন কোনও তথ্যও। তাঁদের মতে, এই ছবিটি প্রয়াত গায়কের ‘কলঙ্কিত’ ভাবমূর্তি ধামাচাপা দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র। একই ভাবে দর্শক প্রশংসা করেছেন জাফর জ্যাকসনের। জাফরও মাইকেলের ভাইপো। কাকার সঙ্গে চেহারায় প্রচুর মিল থাকায় প্রয়াত গায়কের ভূমিকায় তিনিই অভিনয় করেছেন।