Advertisement
E-Paper

নামের পাশে তিন রেকর্ড! ‘ও সবে পাত্তাই দেয় না মেসি’, লিয়োর হ্যাটট্রিকের পর বলে দিলেন ‘বডিগার্ড’ ডি পল

আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন লিয়োনেল মেসি। সেই সঙ্গেই তাঁর নামের পাশে তিনটি রেকর্ড বসে গিয়েছে। তবে মেসি সেই সব রেকর্ডে পাত্তাই দেন না। ম্যাচের পর বলে দিলেন তাঁর সতীর্থ রদ্রিগো ডি পল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৮:৫৭
football

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন লিয়োনেল মেসি। সেই সঙ্গেই তাঁর নামের পাশে তিনটি রেকর্ড বসে গিয়েছে। তবে মেসি সেই সব রেকর্ডে পাত্তাই দেন না। ম্যাচের পর বলে দিলেন তাঁর সতীর্থ রদ্রিগো ডি পল।

আট বারের বালঁ দ্যর জয়ী মেসি ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। আট মিনিটেই অফসাইডে তাঁর একটি গোল বাতিল হয়। পরে দুই অর্ধ মিলিয়ে তিনি হ্যাটট্রিক করেন। তবে তিনটি রেকর্ড নিয়ে মেসির কোনও মাথাব্যথাই নেই বলে মনে করেন ডি পল।

মাঠে এবং মাঠের বাইরে সব সময়ে মেসির পাশে পাশে থাকা এবং মেসিকে রক্ষা করার কারণে ডি পলকে মেসির ‘বডিগার্ড’ নামে ডাকা হয়। তিনি বলেছেন, “আমি দিব্যি কেটে বলতে পারি, মেসির কোনও যায় আসে না রেকর্ড নিয়ে। কখনও সখনও আমরা সতীর্থরা মদ্যপান করতে করতে মেসিকে মজা করে বলি, ‘মেসি, এটা করতে তোমার একটা গোল বাকি, ওটা করতে দুটো গোল বাকি’। মেসির এ সব নিয়ে কোনও ধারণাই থাকে না। জানি না কী ভাবে থাকতে পারে ও।”

ডি পলের সংযোজন, “মেসির যে জিনিসটা সবচেয়ে ভাল রাগে তা হল, ও সব কিছু দারুণ উপভোগ করে। এত বছর ধরে যে চাপটা ওর উপরে ছিল সেটা আর নেই। প্রত্যেকে ওর মানসিকতা জানে। ব্যক্তিগত রেকর্ড মেসি বিশেষ পছন্দ করে না। কারণ সব সময় ও আমাদের এবং দলকে নিয়ে ভাবে। এখন মেসিকে দেখে ভাল লাগছে। খুশি লাগছে। গোটা দলের মধ্যে সেটা ছড়িয়ে পড়েছে।”

মেসি থাকায় আর্জেন্টিনা দলের মধ্যে যে বাড়তি তাগিদ কাজ করে, এটা মেনে নিয়েছেন ডি পল। তিনি বলেছেন, “মেসির থাকা সব সময়েই বাড়তি সুবিধা। কারণ গোটা দলকে চালনা করে ও। আমাদের চাঙ্গা করে। নিজের রেকর্ড নিয়ে না ভেবে দলের রেকর্ড নিয়ে ভাবে। এই মানসিকতা থাকা অবিশ্বাস্য। আমরা প্রথম দিন থেকে শপথ নিয়েছি, নিজেদের সাধ্যমতো লড়াই করব।”

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
Lionel Messi Argentina Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy