Advertisement
E-Paper

বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন মৌনী ও সূরজ! কেন ভাঙন, ভবিষ্যতে কোন সমীকরণ থাকবে তাঁদের?

অবশেষে বিচ্ছেদজল্পনায় সিলমোহর দিলেন মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার। যৌথ ভাবে সমাজমাধ্যমে ঘোষণা করলেন সেই কথা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৯:৩৯
বিচ্ছেদের কথা ঘোষণা মৌনী-সূরজের!

বিচ্ছেদের কথা ঘোষণা মৌনী-সূরজের! ছবি: সংগৃহীত।

বিচ্ছেদজল্পনায় সিলমোহর দিলেন মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার। যৌথ ভাবে সমাজমাধ্যমে ঘোষণা করলেন বিচ্ছেদের কথা।

দীর্ঘ বিবৃতিতে তারকাদম্পতি লিখলেন, “আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়গুলি ব্যক্তিগত ভাবে ও সৌজন্য বজায় রেখে সামলানোর জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।” বিচ্ছেদজল্পনার মাঝে বুধবার মুখ খুলেছিলেন মৌনী। অনুরোধ করেছিলেন, তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে যেন কাটাছেঁড়া না করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিবৃতিতে তাঁরা লেখেন, “আমাদের ব্যক্তিগত জীবনে রং চড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের সম্পর্কের সত্যতা তা নয়।”

নিজেদের জীবনের পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখে তাঁরা যৌথ ভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের কথায়, “শ্রদ্ধা ও বোঝাপড়া বজায় রেখেই আমরা ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।” জীবনের এই অধ্যায়কে ব্যক্তিগত রাখতে চেয়েছেন বলেও জানান মৌনী ও সূরজ।

দাম্পত্য ভাঙছে। কিন্তু একসময়ে কাটানো ভাল মুহূর্ত ও বন্ধুত্বকে সারাজীবন মনে রাখবেন এবং উপভোগ করবেন বলেও জানান তাঁরা।

ছ’মাস আগেই নাকি তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। এ-ও শোনা গিয়েছে, সূরজ সম্পর্কে প্রতারণা করেছেন। আবার এই খবরও ছড়িয়েছে, দাম্পত্যে নাকি গুরুত্ব পেতেন না সূরজ। মৌনীকে বিয়ে করার পর থেকেই নাকি সূরজ মনে করতে শুরু করেন যে, সামাজিক পরিসরে তাঁর গুরুত্ব কমেছে। সেখান থেকেই মনোমালিন্য ও সম্পর্কে দূরত্ব। তবে সত্যি কোনটা, তা নিয়ে এখনও নীরব দম্পতি। এ বার তাঁরা আইনি বিচ্ছেদের দিকেই হাঁটবেন বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় বসেছিল মৌনী ও সূরজের বিয়ের আসর। বাঙালি ও মলয়ালি— দুই রীতি মেনেই বিয়ে হয়েছিল তাঁদের। বিয়ের আসর থেকে নানা ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন দু’জনেই। তাঁদের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়ের পরেও বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে একাধিক বার দেখা গিয়েছে।

Mouni Roy Suraj Nambiar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy