কে বলে পশুরা ভালবাসতে জানে না! প্রিয়জনের মৃত্যুতে মন খারাপ করে বন্যপ্রাণেরও। তেমনই এক মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এক মাহুতের মৃত্যুর পর তাঁর অন্তিমযাত্রায় বিদায় জানাতে হাজির হয়েছে গজরাজ। আত্মীয়-পরিজনের ভিড়ের মাঝেই হঠাৎ করে হাজির হয় হাতিটি। হাতিটি তার মালিককে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিল বলে ভিডিয়োয় দাবি করা হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটিতে সাদা চাদরে মুড়ে শুইয়ে রাখা হয়েছে মাহুতকে। আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যেরা সেখানে জড়ো হয়ে শোক প্রকাশ করার জন্য দাঁড়িয়ে আছেন। সবাই শোকে মুহ্যমান। এরই মধ্যে একটি হাতি এসে সেখানে দাঁড়ায়। হাতিটি তার শুঁড় তুলে মালিককে জাগানোর চেষ্টা করে চলে ক্রমাগত। কিন্তু সে জানেই না যে মালিক চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছেন। একাধিক বার শুঁড় দিয়ে ঠেলে তাকে ওঠানোর চেষ্টা করে অবোলা প্রাণীটি। ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করে লেখা হয়েছে এই ভিডিয়োটি কেরলের এবং সেখানে পড়ে থাকা দেহটি হাতিটির মাহুতের। যিনি দুর্ভাগ্যবশত ক্যানসারে মারা গিয়েছেন। হাতিটি তার মালিককে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিল।
ভিডিয়োটি ‘জিপিসিন১’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা নেটাগরিকদের মন ছুঁয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, হাতিরা বরাবরই মানুষের খুব ঘনিষ্ঠ। আজও হাতি ও মানুষের মধ্যে এমন বন্ধুত্বের বহু উদাহরণ রয়েছে।