Advertisement
E-Paper

রাহুলের মৃত্যুমাসে প্রকাশ্যে ‘পলিট্রিক্স’, প্রয়াত অভিনেতাকে সম্মান জানাল চ্যানেল কর্তৃপক্ষ?

ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার পক্ষ থেকে রূপা দত্ত জানিয়েছেন, চ্যানেল কর্তৃপক্ষও রাহুলের প্রয়াণে মর্মাহত। তাই হয়তো এই সিদ্ধান্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৩
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর নীরব চ্যানেল কর্তৃপক্ষ। এই নিয়ে টলিউডে অনুযোগ, অভিযোগ কম ছিল না। অভিনেতার মৃত্যুমাসে তাঁর কাজ ‘পলিটিক্স’-এর মুক্তি ঘটিয়ে রাহুলকেই কি প্রকারান্তরে শ্রদ্ধা জানাল স্টার জলসা চ্যানেল?

এমনই আভাস মিলল প্রযোজক রূপা দত্তের এক বক্তব্যে। ‘পলিট্রিক্স’ ছবির প্রযোজক নীলরতন এবং রূপা দত্তের প্রযোজনা সংস্থা ক্যামেলিয়া। ছবিতে ব্যঙ্গ এবং কৌতুকের মোড়কে সাধারণ মানুষের নেতা হয়ে ওঠার গল্প। এই ছবিতে ‘জীবনবিমা কর্মী’র চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল! পটভূমিকায় রাহুল এবং রাজনীতি। প্রয়াত অভিনেতার জীবনেও রাজনীতি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তাই কি বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আবহে মুক্তি পেল এই ছবি? আনন্দবাজার ডট কম প্রশ্ন করেছিল রূপাকে। তিনি সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারেননি।

রূপার কথায়, “চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী, আমাদের ৪০টি ছবির স্বত্ব ওঁদের বিক্রি করে দিয়েছি। তার মধ্যে একটি ‘পলিট্রিক্স’। এই ছবিতে রাহুল অভিনয় করেছিলেন। আবার তাঁর মৃত্যু স্টার জলসার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র আউটডোর শুট করতে গিয়েই। চ্যানেল কর্তৃপক্ষ এই দুর্ঘটনায় মর্মাহত। তাই হয়তো মৃত্যুমাসে ছবিমুক্তি ঘটিয়ে এ ভাবেই অভিনেতাকে শ্রদ্ধা জানালেন।” তিনি এ-ও খোলসা করে দেন, পুরোটাই চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তাঁরা যা ভাল বুঝেছেন, সেটাই করেছেন। রূপার আক্ষেপ, তাঁদের আরও একটি ছবি ‘অভাগী’তেও রাহুল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। ওঁর মতো অভিনেতার অস্বাভাবিক মৃত্যু খুবই দুঃখের।

‘পলিট্রিক্স’ ছবিতে অরুণিমা ঘোষ।

‘পলিট্রিক্স’ ছবিতে অরুণিমা ঘোষ। ছবি: সংগৃহীত।

কষাই বিষ্ণু আর স্ত্রী সুলোচনার ছোট্ট সংসার। আচমকা সেখানে এক স্থানীয় নেতার প্রবেশ। তাঁর সৌজন্যে রাজনীতির ময়দানে পা রাখা বিষ্ণু এবং পরে তাঁর স্ত্রীর। রাজনীতি কী ভাবে বদলে দিতে পারে সাধারণের জীবন, পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গের মোড়কে সেই গল্পই বলেছেন। পর্দায় বিষ্ণু এবং তাঁর স্ত্রী যথাক্রমে সৌরভ দাস এবং অরুণিমা ঘোষ। পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা! ভোটের আবহে অরুণিমার এই ‘লুক’ রাজনৈতিক পরিস্থিতিকেই কি মনে করাবে? জবাবে নায়িকা বললেন, “রাজনীতির সঙ্গে এই ছবির সরাসরি কোনও যোগ নেই। মধ্যবিত্তের জীবন দেখানো হয়েছে মজার মোড়কে। তবে এই ছবি রাহুলকে আবার মনে পড়াবে।” অরুণিমা এ-ও জানান, বছর দুয়েক আগে ছবির শুটিং করেছিলেন তাঁরা। সেটে খুব মজা করতেন রাহুল। “প্রাণোচ্ছ্বল একটি মানুষ এ ভাবে ফুরিয়ে যাবে, ধারণা করা যায়নি তখন। বড্ড খারাপ লাগছে এখন।”

Arunima Ghosh Camelia Productions Rupa Dutta Star Jalsha Rahul Arunoday Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy