Advertisement
E-Paper

‘আদিপুরুষ’-এর পুনরাবৃত্তি চান না ছবিতে, কোন তত্ত্ব মেনে তৈরি হচ্ছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’?

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে একাধিক বার জর্জরিত হয়েছে ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’। তবে নিজের ‘রামায়ণ’ ছবিতে নাকি সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না পরিচালক নীতেশ তিওয়ারি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ২১:৩৬
Nitesh Tiwari.

পরিচালক নীতেশ তিওয়ারি। ছবি: সংগৃহীত।

মুক্তির আগে ছিল একাধিক বাধা ও বিপত্তি। মুক্তির পরেও বিতর্ক পিছু ছাড়েনি ‘আদিপুরুষ’-এর। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর আধুনিক সংস্করণ আঘাত হেনেছে ধর্মীয় ভাবাবেগে, এমন অভিযোগ উঠেছে একাধিক বার। তাই ছবির তৈরির আগে থেকেই বাড়তি সতর্ক বলিউড পরিচালক নীতেশ তিওয়ারির ছবি ‘রামায়ণ’। ‘আদিপুরুষ’-এর মতোই ভারতীয় মহাকাব্য রামায়ণ অবলম্বনে তৈরি হওয়ার কথা এই ছবিরও। তবে খবর, ‘আদিপুরুষ’ ছবিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা থেকে নাকি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছেন নীতেশ। ছবি তৈরির ক্ষেত্রেও নাকি অন্য পথে হাঁটতে চলেছেন ‘বাওয়াল’-এর পরিচালক।

দিন কয়েক আগেই নীতেশ জানিয়েছিলেন, তিনি যে ভাবে ‘রামায়ণ’কে ভেবেছেন, তাতে নাকি দর্শক চটবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দাবিই করেছেন ‘দঙ্গল’ ও ‘ছিঁছোড়ে’ খ্যাত পরিচালক। নীতেশের কথায়, ‘‘আমি খুব সহজ ভাবে এই বিষয়টাকে দেখি। দিনের শেষে আমি নিজেও তো এখনও এক জন দর্শক। দর্শক হিসাবে আমি পর্দায় যা দেখতে পছন্দ করব না, নির্মাতা হিসাবে তেমন ছবি আমি বানাব না। আমার বিশ্বাস, আমি যে ছকে ‘রামায়ণ’কে ভাবি, তা দেখে কেউই রাগ করবেন না।’’ এ বার খবর, ‘আদিপুরুষ’-এর মতো একটি ভাগেই নাকি ‘রামায়ণ’-এর গল্প বলার কাজ সেরে ফেলবেন না নীতেশ। তার বদলে মোট তিনটি ভাগে নাকি তৈরি হতে চলেছে এই ছবি। ভারতীয় মহাকাব্যের গল্প যাতে সঠিক ভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে পারেন তিনি, সে কথা মাথায় রেখেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

প্রথম ঝলক মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে ওম রাউতের ‘আদিপুরুষ’। চরিত্রদের সাজপোশাক থেকে তাদের সংলাপ— সব নিয়েই একের পর এক বিতর্কের সম্মুখীন হয়েছেন ছবির নির্মাতারা। এমন কঠিন পরিস্থিতির মুখে যে পড়তে হতে পারে তাঁদের, তা বোধ হয় ভাবেননি তাঁরা কেউ-ই। ‘আদিপুরুষ’-এর এই দুর্দশা থেকেই নাকি শিক্ষা নিয়েছেন নীতেশ। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ছবি ‘বাওয়াল’। সেই ছবি ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া হলোকস্টের মতো নির্মম ঐতিহাসিক এক অধ্যায়কে বলিউডি রোম্যান্টিকতার ছাঁচে ফেলাটা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে সমাজমাধ্যমের পাতায় তুঙ্গে জল্পনা। ছবি মুক্তির পরেও এই প্রসঙ্গে আলোচনা থামেনি। পরের ছবির ক্ষেত্রেও কি ফের বিতর্কের মুখোমুখি পড়বেন নীতেশ? উত্তর মিলবে ছবির ঝলক সামনে আসার পরেই।

Nitesh Tiwari Ramayana Ranbir Kapoor Alia Bhatt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy