চার দিন হয়ে গেল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের খোঁজ নেই। বার বার আনন্দপুর থানায় গিয়ে খোঁজ নিচ্ছেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত কোনও রকম সূত্র পাওয়া যাচ্ছে না। আর কোনও খবর কি মিলল?
ইতিমধ্যেই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস যোগাযোগ করেছেন উৎসবের পরিবারের সঙ্গে। কিন্তু কী কথা হয়েছে? অন্য কোনও পদক্ষেপ করার কথা তাঁরা ভাবছেন কি না তা এখনও জানা যায়নি। এই টানাপড়েনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন পরিচালক-পত্নী। তিনি জানিয়েছেন, জ্বর এসেছে তাঁর। খুবই শরীর খারাপ হয়ে গিয়েছে। এই কয়েক দিনে তাঁর উপরেও ঝড় যাচ্ছে। সোমবারও আনন্দপুর থানায় গিয়েছিলেন তিনি। পুলিশ এখনও খোঁজ চালাচ্ছেন।
আরও পড়ুন:
এর থেকে বিস্তারিত আর কিছু জানানো সম্ভব হয়নি তাঁর পক্ষে। উল্লেখ্য, উৎসবের নিখোঁজ হওয়া নিয়েও টলিপাড়ার সবাই চিন্তিত। শনিবার উৎসবের স্ত্রী জানিয়েছিলেন, তিনি নিমতার সেই ব্যাঙ্কে গিয়েছিলেন। নিখোঁজ হওয়ার দিনে সেই ব্যাঙ্কে গিয়েছিলেন পরিচালক। সেখানেও কথা বলে খুব বেশি কিছু জানতে পারা গিয়েছে বলে শোনা যায়নি। এর মধ্যে মৌপিয়াকেও নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
স্বামী উৎসবের খোঁজে তিনি একাই দিনরাত এক করে ছুটছেন বলে দাবি মৌপিয়ার। তাঁর কথায়, “আমার স্বামী কোথায়, এই খোঁজে আমি একা ছুটে বে়ড়াচ্ছি। আর কেউ নেই। তাই আমার কাঠগড়ায় দাঁড়ানোর কোনও প্রশ্নই নেই। আমাকে কাঠগড়ায় দাঁড় করালে, আমার মনোবলটাই ভেঙে যাবে। আমার খারাপ কিছু হলে, উৎসবকে আর কেউ খুঁজবে না। সুতরাং যাঁরা কাঠগড়ায় আমাকে দাঁড় করাচ্ছেন, তাঁরা নিজেদের বিবেককে প্রশ্ন করুন, ‘তাঁরা কতটুকু জানেন?’” মৌপিয়া এও জানান, তিনি পুলিশি তদন্তে সহযোগিতা করছেন।