প্রেম, বিয়ে, বন্ধুত্ব, বিচ্ছেদ— অতীত। টলিপাড়ায় এখন নাকি সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করেন। এই যেমন নায়ক পিছিয়ে পড়লে হাত বাড়িয়ে দেন তাঁর প্রেমিকা। আবার অনেক ক্ষেত্রে উল্টোটাও হয়। এখন অবশ্য উলটপূরাণের গল্প শোনা যাচ্ছে না। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, প্রেমিককে ‘ভাল’ কাজ পাওয়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন অভিনেতার প্রভাবশালী প্রেমিকা।
তাই কাজ এলেই সিদ্ধান্তের জন্য নায়ক প্রথমে যাচ্ছেন মনের মানুষের কাছেই। সম্প্রতি এমনই এক ছবিতে অভিনেতার অভিনয় করা নিয়ে আলোচনা চলছিল। নায়ক রীতিমতো দোটানায় ছিলেন,অভিনয় করবেন কি করবেন না। শেষমেষ রাজি হন একটাই শর্তে। অভিনেতার প্রভাবশালী প্রেমিকা নাকি দারুণ ফন্দি বার করেছেন। তিনি নাকি নিজের যোগাযোগকে কাজে লাগিয়ে টলিপাড়ার আর এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে প্রেমিকের ছবির প্রযোজকের আলাপ করিয়ে দিয়েছেন। তাতে অভিনেতারও আর্থিক লাভ হয়েছে। অন্য দিকে, নায়কের প্রেমিকারও লাভ হয়েছে। তিনিও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছেন নায়ককে।
আরও পড়ুন:
তবে টাকা আর নিজেদের সুবিধার জন্য যে ছবিতে স্বাক্ষর করলেন নায়ক, তা ভবিষ্যতে তাঁকে কতটা লাভ দেবে তা ভবিষ্যৎই বলবে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাঁরা নাকি নিজেরাও ধন্দে, আদৌ এই ছবি বক্সঅফিসে লাভের মুখ দেখতে পারবে কি না।