শিল্পপতি সঞ্জয় কপূরের মৃত্যুর পর থেকে তাঁর সম্পত্তি নিয়ে বিস্তর জলঘোলা চলছে। তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী প্রিয়া কপূরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সঞ্জয়ের মা রানি কপূর। এমনকি বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন সঞ্জয়ের বোনও। এ বার আদালতের দ্বারস্থ প্রিয়া। মানহানির মামলা করেছেন ননদের বিরুদ্ধে।
সঞ্জয়ের মৃত্যুর পরে প্রিয়ার বিরুদ্ধে অনেক অভিযোগই তোলেন মন্দিরা। অশান্তির সূত্রপাত হয়েছিল তখনই, যখন প্রিয়া দাবি করেন সঞ্জয়ের ৩০ হাজার কোটির সম্পত্তি তাঁর। স়ঞ্জয়ের মৃত্যুর পর থেকে তাঁর সংস্থার অফিসে যাতায়াত বেড়েছে প্রিয়ার। ‘সোন কমস্টার’-এর (সঞ্জয়ের সংস্থা) ‘অ্যাডিশনাল নন এগজ়িকিউটিভ ডিরেক্টর’-এর পদ পেয়েছেন তিনি। তার পর থেকেই প্রিয়া দাবি করেন, সঞ্জয়ের সম্পত্তির দাবিদার তিনি ও তাঁদের ছেলে এবং তাঁর আগের পক্ষের মেয়ে।
সেই প্রেক্ষিতেই, করিশ্মা কপূরের প্রাক্তন ননদ বলেন, ‘‘সঞ্জয়ের মেয়ে একটাই, সে সামাইরা। প্রিয়ার মেয়ে সাফিরার অন্য বাবা আছে এবং তিনি জীবিত। ও (প্রিয়া) যেটা করছে সেটাকে ডাকাতি বলে। সব কিছু ওর কী করে হয়ে গেল! এটা আমাদের সম্পত্তি, সব চেয়ে বড় কথা, সঞ্জয় নিজেও এত কিছু তৈরি করে যায়নি। এটা উত্তরাধিকারসূত্রে পাওয়া। গোটা দেশের মানুষ জেগে উঠুন! দেখুন, এ কী করছে! একটা জালিয়াত!’’ উল্লেখ্য, করিশ্মা ও সঞ্জয়ের মেয়ে সামাইরা।
এ কথা অনেক জায়গায়ই বলেছিলেন মন্দিরা। এ বার তাঁর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করলেন প্রিয়া। শুধু মন্দিরা নন, যাঁর সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন, তাঁর বিরুদ্ধেও আদালতে মানহানির মামলা করেছেন প্রিয়া। তাঁর দাবি, এ সব কথা বলে সম্মানহানি করার চেষ্টা করছেন মন্দিরা। পাতিয়ালা হাউস কোর্ট মন্দিরাকে ১২ মার্চের মধ্যে যেন তাঁর প্রতিক্রিয়া দাখিল করার নির্দেশ দিয়েছে। ওই একই দিনে মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে।