আগামী মরসুমে হার্দিক পাণ্ড্যকে মুম্বই ইন্ডিয়ান্স রাখবে না আগেই জানা গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ বডোদরার অলরাউন্ডারকে দলে নেওয়ার জন্য মুম্বইয়ের সঙ্গে কথা বার্তাও শুরু করেছিল। কিন্ত আইপিএলের দুই দলের লড়াই কঠিন করে দিয়ে আসরে আরও পাঁচটি দল। নিলামের আগেই তাঁকে নিয়ে প্রায় কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছে।
অধিনায়ক এবং ক্রিকেটার হিসাবে মুম্বইয়ে সাফল্য পাননি হার্দিক। গত আইপিএলের সময় তাঁর সঙ্গে মুম্বই কর্তৃপক্ষের দূরত্বও তৈরি হয়। সরকারি ভাবে ঘোষণা না হলেও আইপিএলের পর দু’পক্ষই সম্মানজনক বিচ্ছেদে রাজি বলে জানা গিয়েছিল। তার পর হার্দিকের আইপিএল ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় আশঙ্কা। চোটপ্রবণ অলরাউন্ডারকে মোটা টাকা দিয়ে কারা নেবে, তা নিয়ে কিছুটা হলেও সংশয় তৈরি হয়েছিল। তবে কলকাতা এবং রাজস্থান কর্তৃপক্ষ আগ্রহ প্রকাশ করায় আশঙ্কা বা সংশয় দীর্ঘ স্থায়ী হয়নি। এ বার হার্দিককে দলে নেওয়ার দৌড়ে নেমে পড়েছে আরও পাঁচট দল।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হার্দিককে পেতে আগ্রহী চেন্নাই সুপার কিংসও। মুম্বই কর্তৃপক্ষের সঙ্গে কথা শুরু করেছেন কাশী বিশ্বনাথনেরাও। তবে হার্দিক নিজে চেন্নাইয়ে যেতে খুব একটা আগ্রহী নন। কারণ রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন রয়েছে চেন্নাইয়ে। নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। অন্য দিকে, কেকেআর এবং রাজস্থান তাঁকে অধিনায়ক হিসাবেই ভাবছে। স্বাভাবিক ভাবে গুজরাত টাইটান্স এবং মুম্বইকে নেতৃত্ব দেওয়া হার্দিকের আগ্রহও বেশি এই দু’দল নিয়ে বেশি।
এছাড়াও লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস কর্তৃপক্ষেরও ভারতীয় দলের অভিজ্ঞ সদস্যকে নিয়ে আগ্রহ রয়েছে। গুজরাতও হার্দিককে ফেরানোর সম্ভাবনা উড়িয়ে দেয়নি। শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ কোনও স্তরেই হার্দিকের ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেননি।
আরও পড়ুন:
হার্দিকের ঘন ঘন চোট পাওয়ার প্রবণতা কিছুটা চিন্তায় রেখেছে আইপিএলের দলগুলিকে। গত আইপিএলের সময় পিঠে চোট পান হার্দিক। এখনও মাঠে ফিরতে পারেননি ৩২ বছরের ক্রিকেটার। আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজ়ে তাঁকে পাওয়া যায়নি। দেশের জোরে বোলিং অলরাউন্ডারদের মধ্যে এখনও হার্দিকই সেরা। ব্যাট এবং বল হাতে ম্যাচ জেতাতে পারেন। সে কারণেই আইপিএলের নিলামের আগেই হার্দিককে নিশ্চিত করতে চাইছে কেকেআর-সহ আইপিএলের অন্তত তিনটি দল।